হৃদ্রোগীদের রিংয়ের দাম মোড়কের গায়ে লেখা বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদ্‌রোগীদের জন্য করোনারি (স্ট্যান্ট) রিংয়ের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরই অংশ হিসেবে রিংয়ের মোড়কের গায়ে দাম, রেজিস্ট্রেশন নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, রিংয়ের মোড়কের গায়ে দাম, রেজিস্ট্রেশন নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ঝুলিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারী রিং আমদানিকারক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমদানিকারক চারটি কোম্পানি হাসপাতালগুলোতে ২৫ থেকে ৫০ হাজার টাকায় রিং বিক্রি করতে রাজি হয়েছে। অধিদপ্তর ওই কোম্পানির এই প্রস্তাব গ্রহণ করেছে। কোম্পানিগুলো হলো কার্ডিয়াক কেয়ার লিমিটেড, ভাস্টেক লিমিটেড, মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেড ও ওরিয়েন্ট এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবছর সারা দেশের হৃদ্‌রোগীদের জন্য ১৮ হাজার রিং দরকার হয়। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ইউরোপ থেকে রিং আমদানি করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর ২১টি প্রতিষ্ঠানকে রিং আমদানি করতে রেজিস্ট্রেশন দিয়েছে। এগুলোর মধ্যে চারটি প্রতিষ্ঠান ইতিমধ্যে ২৫ থেকে ৫০ হাজার টাকায় রিং বিক্রি করার প্রস্তাব দিয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোকেও নির্ধারিত দামে রিং বিক্রি করতে অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। হৃদ্‌রোগীদের রিংয়ের দাম ঠিক করতে ও নিয়ন্ত্রণে ১১ এপ্রিল ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। দাম পর্যালোচনা করে সব ধরনের রিংয়ের দাম নির্ধারণ করে দেবে এই কমিটি।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. রুহুল আমিন।