হৃদয় ও অনিক জিপিএ-৫ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে এসএসসি পরীক্ষার আগে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে আহত হয়েছিল ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হৃদয় ও মিনহাজ উদ্দিন অনিক। দুজনের একটি করে চোখ নষ্ট হয়ে যায়। সে বছর পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা। চলতি বছর পরীক্ষায় অংশ নিয়ে দুজনই জিপিএ-৫ পেয়েছে।
হৃদয় ও অনিক দুজনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দীর্ঘ চিকিৎসার পরও তারা পুরোপুরি সুস্থ হতে পারেনি।
হৃদয় জানায়, আগে যেভাবে লেখাপড়া করতে পারত, এখন সেভাবে পারে না। পড়ার টেবিলে বসলে মাথাব্যথা করে, চোখের পানি পড়ে।
অনিক জানায়, তার কপালের হাড় ভেঙে গেছে। ডান চোখে কৃত্রিম চোখ লাগানো হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। এ মাসেই আবার চিকিৎসার জন্য ভারতে যেতে হবে।
অনিকের মা জেসমিন আক্তার ও হৃদয়ের মা রোজী রওশন আক্তার তাঁদের ছেলেদের চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, হৃদয় ও অনিক জিপিএ-৫ পাওয়ার তাঁরা সবাই খুশি।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেলে ফেনী শহরের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে অনিক ও হৃদয় গুরুতর আহত হয়।