হৃদয় হত্যাকারীদের ফাঁসি দািব
গাজীপুরের কালিয়াকৈরে শিশু হৃদয় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে৷ গতকাল শুক্রবার কালিয়াকৈরের আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়৷
হৃদয় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জাঞ্জিরা এলাকার আবদুল মালেকের ছেলে৷ সে কালিয়াকৈরের পূর্ব চান্দরা শিয়ালপাড়া এলাকায় একটি বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত৷
পরিবার ও পুলিশ জানায়, আবদুল মালেক স্ত্রী শাবানা, ছেলে হৃদয় (৭) ও মেয়ে মাসুদাকে (৩) নিয়ে ভাড়া বাসায় থাকতেন৷ তিনি নিজে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন৷ তাঁর স্ত্রীও একটি কারখানায় কাজ করতেন৷ ২৫ মে সকাল আটটার দিকে তাঁরা ছেলে ও মেয়েকে বাসায় রেখে কর্মস্থলে চলে যান৷ সকাল নয়টার দিকে ঘরের ভেতরে হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়৷ পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়৷
হৃদয় হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বিকেল পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় এলাকাবাসী বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করে৷