
প্রথমবারের মতো রাইডে উঠতে পেরে আনন্দে আত্মহারা প্রথম শ্রেণির ছাত্র শহীদুল ইসলাম। ভাঙা ভাঙা গলায় বলল, ‘আগে কখনো পার্কে আসিনি। এখানে এসে খুব মজা লাগছে। অনেকগুলো রাইডে চড়েছি। আরও চড়ব।’
শহীদুলের মতো অন্তত ৫০টি শিশুসহ ১১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী গতকাল দাপিয়ে বেড়ায় নগরের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। হইহুল্লোড় করে কাটে সারা দিন। কখনো দোলনা, কখনো পাইরেট শিপ, কখনোবা বেবি কেরাওসাল বা ট্রেন নিয়ে মেতে ওঠে শিশু, কিশোর, তরুণ-সবাই।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘স্রোত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কনকর্ডের সহযোগিতায় ব্যতিক্রমী এ আয়োজন করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী কর্মজীবীও। প্রত্যেকের হাতে ছিল ভালোবাসার স্মারক হিসেবে একটি লাল গোলাপ।
সকাল সাড়ে ১০টায় পার্কে ঢুকেই বিভিন্ন রাইডের পেছনে ছুটতে থাকে সবাই। মুগ্ধতার ঝিলিক ছিল তাদের চোখেমুখে। দেখতে না পারলেও অনুভূতি শক্তির জোরে যেন পার্কের সৌন্দর্য পরখ করে তারা। বেশি আনন্দে ছিল শিশুরা। কর গুনে গুনে রাইডে চড়ার হিসাব রাখছিল তারা।
চতুর্থ শ্রেণির ছাত্রী নার্গিস আক্তার বলে, ‘আমি এখন পর্যন্ত দুটি রাইডে চড়েছি। আরও অনেকগুলোতে চড়ব।’
দ্বিতীয় শ্রেণির লাকি আক্তার, সপ্তম শ্রেণির মো. ফরিদ, মেহেদি হাসানরাও প্রথমবারের মতো ফয়’স লেক পার্কে এসেছে। তাদের খুশির যেন সীমা নেই। দশম শ্রেণির ছাত্র সুরত আলম বলেই ফেলল, ‘আজ সারা দিন আমরা মজা করে কাটাব। চড়ব, ঘুরব, ফুর্তি করব। আমাদের আজ খুশির সীমা নাই।’
প্রত্যেক দৃষ্টিপ্রতিবন্ধীর সঙ্গে একজন করে স্বেচ্ছাসেবক সার্বক্ষণিকভাবে ছিলেন। রাইডে ভয় না পাওয়ার জন্য হাত ধরে থাকা কিংবা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের দিকে পানি নিয়ে এগিয়ে যাওয়াসহ নানা যত্ন-আত্তিতে ব্যস্ত ছিলেন তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন আগে ঢাকায় পার্কে গেলেও কোনো রাইডে ওঠেননি। কিন্তু এখানে রাইডে চড়ে ভয়কে জয় করলেন। বললেন, ‘আগে ভয়ে চড়িনি। বন্ধুবান্ধবের সঙ্গে সেই ভয়কে এবার জয় করেছি। অনুভূতির জোরে বুঝতে পারছি এখানকার সৌন্দর্য। মনেই হচ্ছে না আমি প্রতিবন্ধী।’
জীবন চৌধুরী সিটি করপোরেশনের একটি মার্কেটে চাকরি করেন। তিনি আগেও অনেকবার ফয়’স লেকের পার্কে এসেছেন। তবে এবারের আসাটি তাঁর কাছে অন্য রকম। তিনি বলেন, ‘এবার এসে কী যে ভালো লাগছে বোঝাতে পারব না। একসঙ্গে অনেক দৃষ্টিহীন। আনন্দে কেটে যাচ্ছে সারা দিন। এটি একটি ভালো উদ্যোগ।’
কথা হয় স্রোতের সভাপতি শুভাশীষ পালের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ভালোবাসা দিবসটি দৃষ্টিপ্রতিবন্ধীদের সঙ্গে উদ্যাপন করি। কারণ তারা অনেক বঞ্চনা ও অবহেলার শিকার হয়। তাদের আনন্দ দেখে আমাদের ভালো লাগছে।’
একই অভিব্যক্তি জানালেন কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষও।
সকাল থেকে টানা বিভিন্ন রাইডে ঘুরে বেড়ানোর পর পার্কেই মধ্যাহ্নভোজ সারেন সবাই। পরে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে ছোটখাটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনেকে গান গেয়ে শোনান।