হৃদয়জুড়ে বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চার সংগঠন ‘সংহতি সাহিত্য পরিষদ’ পথচলার দীর্ঘ ২৫ বছর পাড়ি দিয়েছে। এ উপলক্ষে গত রোববার লন্ডনে আয়োজিত রজতজয়ন্তী উৎসবে স্বরচিত কবিতা পাঠ করলেন প্রবাসের কবিরা। তাঁদের কবিতায় বারবার উঠে এল বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলার মাটি ও মানুষের কথা। সুদূর পশ্চিমা দেশে বসতি গড়লেও তাঁদের হৃদয়ে জেগে আছে বাংলাদেশ।
পূর্ব লন্ডনের টয়েনবি হলে অনুষ্ঠিত ‘সংহতির’ এই উৎসব হয়ে ওঠে প্রবাসী কবি-সাহিত্যিকদের এক মিলনমেলা। বাংলাদেশ থেকে আসা কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, প্রবাসীরা বাংলাদেশকে যে কত ভালোবাসেন, সংহতির রজতজয়ন্তী উৎসব তারই প্রমাণ দিচ্ছে। তিনি প্রবাসীদের বাংলাদেশের সম্ভাবনার কথা শোনালেন। বললেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ অনেক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রবাসের কর্মব্যস্ত জীবনে সাহিত্যচর্চার মতো কঠিন কাজ করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় ‘সংহতির’ প্রশংসা করেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুখ আহমদ।
কবিতা আবৃত্তি ও ছড়া পাঠ করেন কবি নুরুল হক, শামীম আজাদ, আতাউর রহমান, মইনুর রহমান, মুনিরা পারভিন, শহিদুল ইসলাম সাগর, আফসানা আহমদ, দিলু নাসের, আবু তাহের, মজিবুল হক মনি, শাহ শামীম আহমদসহ অন্য প্রবাসী কবিরা। সংগীত পরিবেশন করেন গীতিকার ও কণ্ঠশিল্পী শেখ রানা, বাদশা বুলবুল, গৌরী চৌধুরী ও মিতা তাহের। সন্তুরে তোলা সুরে দর্শকদের বিমোহিত করেন কলকাতা থেকে আগত সন্তুর শিল্পী কুনাল সাহা।
রজতজয়ন্তী উপলক্ষে সংহতির পক্ষ থেকে আনিসুল হকের হাতে গুণীজন সম্মাননা পদক তুলে দেওয়া হয়। আজীবন সম্মাননা পদক পেয়েছেন ইংরেজি সাহিত্যের কবি স্টিফেন ওয়াটস ও কবি সালেহা চৌধুরী। কবি জিবারন আহমদ, গীতিকার শেখ রানা, কণ্ঠশিল্পী বাদশা বুলবুল, সন্তুর শিল্পী কুনাল সাহা, কানাডা থেকে আগত কবি আবদুল হাসিব ও আমেরিকা থেকে আগত কবি জিয়া উদ্দিনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা পদক। তাসাদ্দুক আহমদকে মরণোত্তর সম্মাননা পদক দেওয়া হয়। তিনি ১৯৫৪ সালে যুক্তরাজ্যে দেশের ডাক নামে একটি পত্রিকা বের করেছিলেন।