হৃদয়ে স্থান করে নিয়েছে প্রথম আলো
প্রথম আলো এখন শুধু পত্রিকা নয়, একটি প্রতিষ্ঠান। সমাজের নিপীড়িত মানুষের কথা বলছে। সংবাদের পাশাপাশি কাজ করে যাচ্ছে নানা বিষয় নিয়ে। এভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে প্রথম আলো।
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত প্রীতিসম্মেলনে পাঠকেরা এ কথা বলেন। চট্টগ্রাম নগরের তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউয়ের মোহনা হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রীতিসম্মেলনে রাজনীতিবিদ, ব্যবসায়ী, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বেহালায় জাতীয় সংগীতের সুরের মাধ্যমে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতিসম্মেলন শুরু হয়। এরপর আয়রনম্যান ও প্রথম আলোর ওপর দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ এবং তরুণ উদ্যোক্তা মুনাল মাহবুব।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ যারা পরিবেশন করে, তারাই টিকে থাকে। মানুষের মনে স্থান করে নেয়। সেসব পত্রিকা মানুষের হৃদয়ে আছে, যারা বাঙালি জাতিসত্তার কথা বলে। অনেকগুলোর মধ্যে প্রথম আলো এখনো টিকে আছে।
একুশে পদকপ্রাপ্ত গৌতম বুদ্ধ দাশ বলেন, প্রথম আলোর কাছে তিনি ও তাঁর পরিবার অনেক কৃতজ্ঞ। প্রথম আলো আয়োজিত গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে তাঁর ছেলে সৌরভ দাশ আন্তর্জাতিক পর্যায়ে পদক পেয়েছে। এমআইটিতে পড়ার সুযোগ পেয়েছে। এখন টুইটারে প্রকৌশলী হিসেবে কর্মরত। এটা সম্ভব হয়েছে প্রথম আলোর কারণে।
শুভেচ্ছা বক্তব্যে তরুণ উদ্যোক্তা মুনাল মাহবুব বলেন, ‘প্রথম আলো প্রিন্ট ও ডিজিটাল—সব জায়গায় সফলতার সঙ্গে ভিন্নধর্মী কাজ করে যাচ্ছে। নানা রকম কনটেন্ট তারা পরিবেশন করছে। নকশা প্রতি সপ্তাহ বের হয়। এটি পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি। তবে তরুণ উদ্যোক্তাদের নিয়ে যদি আরও বেশি সংবাদ পরিবেশন করে, তাহলে উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে।’
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান পত্রিকাটির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘এক দশক ধরে সংবাদপত্রের পাঠক কিছুটা কমেছে। কিন্তু অনলাইনে পাঠক বাড়ছে। ২০২১ সালের আন্তর্জাতিক একটি সংস্থার জরিপে এসেছে, ৫০ লাখ পাঠক প্রতিদিন প্রথম আলোর ছাপা কাগজ পাঠ করেন। কোনো না কোনোভাবে সপ্তাহের অন্তত এক দিন পত্রিকাটি পড়েন, দেখেন ১ কোটি ৮ লাখ মানুষ। সারা বিশ্বে যত বাংলা ওয়েবসাইট আছে, তার মধ্যে প্রথম আলো এক নম্বর। ২১০টি দেশের ১ কোটি ৪০ লাখ মানুষ প্রথম আলোর ওয়েবসাইটে সংবাদ পড়েন। দক্ষিণ এশিয়ার সংবাদপত্রগুলোর মধ্যে নিউজ ক্যাটাগরিতে প্রথম আলোর অবস্থান ছয়। আটটি দেশের মধ্যে ছয়ে প্রথম আলো। ফেসবুকে আমাদের ফলোয়ার ১ কোটি ৭৬ লাখ। সংবাদপত্র ক্যাটাগরিতে ফেসবুকে বিশ্বের যত পেজ রয়েছে, তার মধ্যে প্রথম আলো ৯ নম্বরে।’
সস্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো ট্রাস্ট, গণিত অলিম্পিয়াড, কৃষি সম্মাননা, শিক্ষক সম্মাননাসহ নানা কিছু আমরা করি। সম্প্রতি আমরা ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি চরকির মাধ্যমে। আমাদের বন্ধুরা আমাদের জিজ্ঞেস করেন, এত কিছু আমরা কীভাবে করি। আসলে পাঠকেরাই আমাদের শক্তি। আমরা কারও কাছে মাথা নথ করি না, আপস করি না। সত্য বলি। দল নিরপেক্ষভাবে কাজ করি।’
গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, সাহিত্যিক হরিশংকর জলদাস, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, স্থপতি বিধান বড়ুয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চিত্রশিল্পী ঢালী আল মামুন, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) মো. এমদাদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আখতার, সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ, রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, আইন অনুষদের সাবেক ডিন জাকির হোসেন, শিক্ষক আলী আজগর চৌধুরী, মোহাম্মদ মনজুরুল কিবরীয়া, আদনান মান্নান, আনন্দ বিকাশ চাকমা, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।
ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী ও ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, এসবিজি ইকোনমিক জোনের চেয়ারম্যান মাহবুবুর রহমান, কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান প্রমুখ।
রাজনীতিবিদদের মধ্যে ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ ও নাজমুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, দুদক আইনজীবী মাহমুদুল হক।
উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর সরকারি কৌসুলি মোহাম্মদ ফখরুউদ্দিন চৌধুরী, র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
ফ্যাশন ডিজাইনারদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন আরা চৌধুরী, আইভী হাসান, আমিনা রহমান, এইচ এম ইলিয়াছ, নুজহাত নূয়েরী প্রমুখ।