হে ক্ষণিকের অতিথি...
বাড়িতে অতিথি এসেছে। তাদের তো আহার-আপ্যায়ন করতে হবে। ঘরে খাদ্য-পানীয় মজুদ নেই বললে কী আর চলবে! না থাকলে তার ব্যবস্থা করতে হবে। ওটাই গৃহকর্তার দায়িত্ব ও কর্তব্য। অবশ্য সে কাজে মোটেই গাফিলতি হচ্ছে না।ভাঁড়ার ঘর একেবারে শূন্য থাকে না কারও। ডিপফ্রিজে কয়েক পদের মাছ, গোশত থাকে। রেফ্রিজারেটরে আলু-পটোল-ঝিঙা প্রভৃতিও অল্পবিস্তর। তা হলে কী হবে, অতিথিদের মুখে এসব রুচবে না। তাদের জন্য চাই তরজাতা সবুজ ঘাস। তেলমসৃণ সতেজ কাঁঠাল পাতা। অল্প পানিতে সরিষার খইল ও ধানের মিহি কুঁড়া সহযোগে মাখানো কুচি কুচি করে কাটা নতুন বিচালি। চিটাগুড়ের সঙ্গে গমের ভুসি মেশানো শরবত। মাঝেমধ্যে এক-আধবেলা পুষ্ট কচুরিপানা, কচি কলাপাতা, ভাতের মাড় এসব চলতে পারে স্বাদবদলের জন্য। কিন্তু শহুরে নাগরিকের পক্ষে এসব খাদ্য-পানীয় ঘরে আগাম মজুদ রাখা কি আর সহজ কথা! তাই সন্ধান চলছে, কোথায় মিলবে ক্ষণকালের অতিথি হয়ে আসা চতুষ্পদকুলের এসব আহার্য। কাল শনিবার পবিত্র ঈদুল আজহা। শহরে-বন্দরে কোরবানির পশুর হাট সরগরম। ইয়া তাগড়া ষাঁড় বা দামড়া, হূষ্টপুষ্ট ছাগল-ভেড়ার গলায় বাঁধা রশি ধরে গৃহাভিমুখী যাত্রার দৃশ্য এখন পথে পথে। ‘দাম কত’ চলতি পথে উড়ে আসা এমন কৌতূহলের জবাব দিতে হাট থেকে কোরবানির পশু নিয়ে ঘরে ফেরার আনন্দও কম নয়। অধিকাংশ কোরবানিদাতা এরই মধ্যে পশু ক্রয় সম্পন্ন করেছেন। কোরবানির জন্য নিজের লালন-পালন করা পশুই সর্বোত্তম। বাস্তবিক কারণেই অনেকের পক্ষে তা সম্ভব হয় না। বিশেষত যাঁরা শহরের ফ্ল্যাট বাড়ির বাসিন্দা, তাঁদের পক্ষে পশুপালন অসম্ভব শুধু নয়, অচিন্তনীয়ও। সে কারণে ভরসা কোরবানির পশুর হাট। সামর্থ্যের মধ্যে উত্তম পশুটিই কিনতে সচেষ্ট থাকেন সবাই। ফ্ল্যাট বাড়ির গ্যারেজের পাশে, সিঁড়ির নিচের খুপরিতে, সদর দরজার পাশে আশ্রয় মেলে এসব গবাদির। তাই বলে যত্ন-আত্তির ত্রুটি হয় না মোটেই। তারা আয়েশ করে কাঁঠালের পাতা চিবোয়, বসে বসে জাবর কাটে। বাড়ির তদারককারীরা তাদের কড়া নজরে রেখে পাহারা দেয়। ছোট ছেলেমেয়েরা নিরাপদ দূরত্ব অবলম্বন করে পরম কৌতূহল নিয়ে তাদের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে।ঘাসবিচালির কারবার ঠিক শহুরে আবহের সঙ্গে খাপ খায় না। তবে কোরবানির সময় ভিন্ন কথা। পশু কেনার সময়েই তাদের খাদ্যের ব্যবস্থাও পাকা করে থাকেন সবাই। রাজধানীতে বরাবরই পশুর হাটের পাশে গো-খাদ্যেরও পসরা বসে যায়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। পশুর হাট ছাড়াও বড় বড় আড়ত ও কাঁচাবাজারের পাশেও এখন গো-খাদ্য বিকোচ্ছে দেদার। কারওয়ান বাজারের সামনেও বসেছে গো-খাদ্যের পসরা। ময়মনসিংহ থেকে খড় এনেছেন মো. জাহাঙ্গীর। মোটকু ধরনের আঁটিগুলো ভেঙে ‘স্লিম’ করে তুলছিলেন নতুন করে বেঁধে। জিজ্ঞাসায় জানা গেলে মালা ধানের খড়। প্রতি আঁটি ১০ টাকা। তার পাশে রুহুল আমিন বিক্রি করছিলেন তরতাজা ঘাস। হাতি ঘাসের আঁটি কুড়ি টাকা। কাঁঠাল পাতার দর বেশ চড়া। খানিকটা দুর্লভও। ভাগ্য সহায় হলে এগুলো মহল্লার পাশের গলিতেও পেয়ে যেতে পারেন। চিটাগুড় মিলবে বড় বাজারগুলোর দইয়ের দোকানে। কারওয়ান বাজারে এর দাম ৭০ টাকা কেজি। খইলের দর ৮০ টাকা। ভুসি আছে বেশ কয়েক পদের। সরেস মানের গমের ভুসি ৫০ টাকা। মান কমলে দামও কমবে। সে ক্ষেত্রে কেজি পড়বে ৪০ টাকা। কলাইয়ের ভুসি ৫০ টাকা, ধানের মিহি কুঁড়া ৩০ টাকা। এ তিন ভুসির মিশ্র পদও কিনতে পাওয়া যাবে ৪০ টাকা কেজিতে। অতএব, খাদ্যের মজুদ নিজের বাড়িতে না থাকলেও কোনো ত্রুটি হচ্ছে না অতিথি আপ্যায়নে!