হেঁইয়া রে হেঁইয়া

‘আল্লাহর নাম লইয়া রে টান, হেঁইয়া রে হেঁইয়া।’ নৌকার মাঝিরা হাঁক দিচ্ছেন। পেছনের মাঝি বড় বইঠায় নৌকার পথ নিয়ন্ত্রণ করছেন। নৌকা চলছে শেষ গন্তব্যের দিকে। ইছামতী নদীর দুই পাড়ে দর্শনার্থীদের টান টান উত্তেজনা, হর্ষধ্বনি আর করতালি।
গতকাল শুক্রবার এমন দৃশ্য দেখা গেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজার কমিটি ও এলাকাবাসী আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায়।
বাইচে নবাবগঞ্জ, দোহার, মানিকগঞ্জের হরিরামপুর, সিঙ্গাইর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে চারটি ঘাষি, আটটি চৈরা, দুটি খেলনা ও তিনটি কোষা নৌকা অংশ দেয়। বাইচে অংশগ্রহণকারী চারটি নৌকাকে ফ্রিজ ও ২০টি নৌকাকে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। বেলা সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বাইচ পরিচালনা কমিটির সভাপতি কায়ছার আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ সময় নৌকাবাইচের প্রধান উদ্যোক্তা ও শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা মো. বাদল মিয়া, কৃষক লীগের ঢাকা দক্ষিণের অর্থবিষয়ক সম্পাদক চৌধুরী মোশারফ আলী, ব্যবসায়ী মোজাম্মেল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।