হেঁটে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে লিমন
হোক কৃত্রিম পা, তবু আবার হেঁটে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে লিমন। গতকাল বুধবার মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) লিমনকে দেখতে গেলে সে এই স্বপ্নের কথা জানায়।গত মঙ্গলবার মধ্যরাতে লিমনকে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে আনা হয়। সে এখন ইএফ ওয়ার্ডে চিকিৎসাধীন। তাকে তত্ত্বাবধানকারী সহযোগী অধ্যাপক মো. মোফাখখারুল বারী বলেন, লিমনের পায়ের ক্ষত ৯৫ শতাংশ শুকিয়ে গেছে। কয়েক দিনের মধ্যে পুরো পা শুকিয়ে যাবে। সুলতানা কামাল লিমনের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন সংস্থার পরিচালক নূর খান ও উপপরিচালক মিনা গোস্বামী। সুলতানা কামাল বলেন, ‘অনেকেই র্যাবের বর্বরতার শিকার হয়েছে। তাদের অনেকের খবর আমরা জানি না। তোমার খবরটা আমাদের কাছে এসেছে। শুধু আমরাই নই, সারা দেশের মানুষ তোমার সঙ্গে ছিল।’ এ সময় লিমন বলে, ‘প্রথম আলো, আপনি ও সারা দেশ আমার সাথে আছে। আগে দুঃস্বপ্ন দ্যাখতাম। অ্যাহন আর ভয় করি না। অ্যাহন স্বপ্ন দেহি, কৃত্রিম পা নিয়ে আবার কলেজে যাইতে পারব।’লিমন জানায়, কাটা পায়ে এখনো ব্যথা রয়েছে। এর আগেও এখানে সে ভালো চিকিৎসা পেয়েছে। তার পরও পঙ্গু হাসপাতাল ছাড়া দেশে আরও উন্নত চিকিৎসার সুযোগ থাকলে সেখানে তাকে ভর্তি করানোর দাবি জানায় সে।লিমন বলে, ‘র্যাব আমার ওপর অন্যায় করেছে। আবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। র্যাবের মহাপরিচালকই স্বীকার করেছেন আমি ঘটনার শিকার। তাহলে আমার বিরুদ্ধে সাজানো মামলা কেন প্রত্যাহার করা হবে না।’সহযোগী অধ্যাপক মোফাখখারুল বারী বলেন, গতকাল লিমনের ব্যান্ডেজ খুলে ড্রেসিং করা হয়েছে। হাত-পা হারানোর পর কাটাস্থলে ছয় মাস ব্যথা থাকে। এখন লিমন ক্র্যাচে ভর করে হাঁটবে। তিন মাস পর তার কৃত্রিম পা সংযোজন করা যাবে। এর আগে তাকে নিয়মিত ফিজিয়োথেরাপি দিতে হবে এবং কাটা অংশ কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে, যাতে ঘষা বা আঘাত না লাগে। লিমনের বাবা তোফাজ্জেল হোসেন দাবি করেন, মঙ্গলবার রাতে পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা লিমনকে ভর্তি করাতে রাজি হননি। পরে উপস্থিত গণমাধ্যম-কর্মীদের চাপে ও হাইকোর্টের চিকিৎসাসংক্রান্ত আদেশের কপি দেখানোর পর ভর্তি করা হয়। তোফাজ্জেল জানান, বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের কর্মচারীরা চার হাজার টাকা তুলে হাসপাতালের পরিচালকের হাতে দিয়েছিলেন লিমনকে ঢাকা পাঠানোর জন্য। সেই টাকা দিয়েই লিমনকে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।লিমনের ওপর নির্যাতন ও তার বিরুদ্ধে র্যাবের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ১১টায় মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি বরিশাল শহরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করে।মানববন্ধনে অংশ নিয়ে লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ‘লিমনের পায়ে গুলি কইরা র্যাব বরিশাল হাসপাতালে রাইখ্যা পলাইয়া যায়। বরিশাল হাসপাতাল গোনে (থেকে) ঢাকা নিয়ে যাবার জন্য টাকা আছেলোনা। পোলার চিকিৎসার জন্য নাকের চুঙ্গি (নাকফুল) বিক্রি করতেও গেছিলাম।’ লিমনকে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকার কোনোভাবেই লিমনকে পঙ্গু করার দায় এড়াতে পারে না। র্যাবের যে সদস্যরা গুলি করার জন্য দায়ী তাঁদের বিচার করে সরকারের এ কলঙ্ক মোচন করা উচিত।