বরিশাল নগরের নৌবন্দরের পোর্ট রোড সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে খানাখন্দের কারণে হেঁটে চলাফেরা করতেও লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০০৯ সালের পর সড়কের কোনো সংস্কারকাজ হয়নি। সড়কটি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে থাকায় সিটি করপোরেশন এর সংস্কারকাজ করছে না।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে ডোবায় পরিণত হয়েছে। লোকজন এই সড়কে হেঁটেও চলাচল করতে পারছে না। কাদা ও খানাখন্দের ওপর দিয়েই প্রতিদিন মালবাহী ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করছে।
পোর্ট রোড এলাকার ব্যবসায়ী শেখ জয়নাল আবেদিন বলেন, ২০০৯ সালে সড়কটি সংস্কার করে বিআইডব্লিউটিএ। তখন নিম্নমানের কাজ হওয়ায় এক বছরের মধ্যে সড়কটি খানাখন্দে ভরে যায়। একদিকে বড় বড় গর্ত, অন্যদিকে রড বের হয়ে থাকায় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় ব্যবসায়ীরা মাঝেমধ্যে ইট ও খোয়া দিয়ে কোনো রকমে ঝুঁকি নিয়ে চলাচলের ব্যবস্থা করেন। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ বরিশালের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারে এক কোটি ২০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।