হেঁটে নদ পার, তবু গুনতে হয় ভাড়া
বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল নদে ভাটার সময় পানিই থাকে না। এ সময় মানুষ হেঁটে নদ পার হলেও প্রত্যেককে তিন টাকা করে ভাড়া দিতে হয়। মালামাল বহন করলে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল নদে সেতু না থাকায় খেয়ানৌকা দিয়ে প্রতিদিন পারাপার হয় রামপাল ও মংলা উপজেলার পাঁচ ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নাব্যতা-সংকটের কারণে ভাটির সময় এ নদে দিনের ১০ ঘণ্টাই পানি থাকছে না। ফলে চলাচল করতে পারছে না খেয়ানৌকাও।মংলা উপজেলার সোনাইলতলা গ্রামের চিত্তানন্দ, রামপালের পেড়িখালী গ্রামের শুকুর, দেয়ালডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামসহ কয়েকজন যাত্রী বলেন, ভাটার সময় কাদা ভেঙে হেঁটে নদ পার হতে হয়। এরপরও ঘাটে নৌকা ভাড়া বাবদ তিন টাকা করে দিতে হয়। তাঁরা এ ভোগান্তি থেকে মুক্তি চায়। গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের মংলা শাখার প্রধান অবনী কুমার বিশ্বাস বলেন, মোটরসাইকেল চালিয়ে নদ পার হলেও ২০ টাকা ভাড়া দিতে হয়। টাকা না দিতে চাইলে জোর করে আদায় করে নেওয়া হয়।রামপাল খেয়াঘাট পাটনিজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বছর (বাংলা ১৪১৮ ) এই ঘাট মূল্য সংযোজন কর ও করসহ ইজারা নেওয়ার জন্য জেলা পরিষদকে ১০ লাখ টাকা দিতে হয়েছে। এই সমিতির সদস্য সংখ্যা ৮০। তাঁদের জীবন-জীবিকার এই একটাই পথ। তা ছাড়া এই ঘাট দিয়ে প্রতিদিন যে তিন হাজার মানুষ পারাপার হয়, তার অর্ধেকের মতো স্কুল-কলেজের ছাত্রছাত্রী। তাদের কাছ থেকে তো ভাড়া নেওয়া হয় না। তারা সব সময় নৌকা চালাতে চায়। কিন্তু ভাটার সময় নৌকা চালানো না গেলে তাদের কী করার।এ বিষয়ে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ মুঠোফেনে প্রথম আলোকে বলেন, ঘাটের বিষয়ে একটি কমিটি করে দেওয়া আছে। ভাটার সময় ভাড়া নেওয়া হলে তারা ব্যবস্থা গ্রহণ করবে।