হেঁটে হেঁটে হাটিকুমরুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি শুক্রবার সকালে টাঙ্গাইল বাইপাস সড়ক তোলা। ছবি: গোলাম মর্তুজা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি শুক্রবার সকালে টাঙ্গাইল বাইপাস সড়ক তোলা। ছবি: গোলাম মর্তুজা

বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত পৌনে ১১টা। বৃহস্পতিবার রা‌তে যথাসময়ে হানিফ এন্টারপ্রাইজের শ্যামলী রিং রো‌ডে বাস কাউন্টারে পৌঁছালাম। সব প্রস্তুতি আর উত্তেজনায় পা‌নি ঢে‌লে দি‌য়ে কাউন্টার মাস্টার পা‌ভেল আহ‌মেদ বল‌লেন, ‘এত আগে আইছেন ক্যা। ১২টার দি‌কে খোঁজ নি‌য়েন। আমি জানামু‌নে।’

ব্যাগ বোঁচকা নি‌য়ে ছুটলাম বন্ধুর বা‌ড়ি, কাউন্টারের পা‌শেই। বহুল প্রত্যা‌শিত বাস‌টি এল রাত তিনটায়। বা‌সে উঠে ব্যাগ বোঁচকা রে‌খে চোখ মুদ‌তেই ঘুম। আধা ঘণ্টার সং‌ক্ষিপ্ত ঘুম ভে‌ঙে ভাবলাম ঢাকা শহর ছা‌ড়ি‌য়ে‌ছি বোধ হয়। না, চোখ মে‌লে দে‌খি রিং রো‌ডের মোড়। আধা ঘণ্টায় বাস‌টি এগিয়েছে খুব বে‌শি হ‌লে ৫০ গজ। বাসচালক‌ জামাল হো‌সেন‌কে জি‌জ্ঞেস করলাম, সমস্যা কী? জবাব এল, ‘সমস্যাই সমস্যা। পুরা মিরপুর রোডই তো আটকা। আপনা‌গো নিয়া উড়াল দিবার পার‌লে শা‌ন্তি পাইতাম।’
জানা গে‌ল চাল‌কের বা‌ড়ি খুলনায়। সব যাত্রী পঞ্চগড় না‌মি‌য়ে দি‌য়ে তি‌নি ম‌নে ম‌নে খুলনায় ফি‌রে মায়ের স‌ঙ্গে ঈদ করার আশা কর‌ছি‌লেন। এখন ঈদের আগে পঞ্চগড় যে‌তে পার‌বেন কি না, তা নি‌য়ে শঙ্কা দেখা দি‌য়ে‌ছে। জামাল হো‌সেন চোখ খোলা রে‌খে একনাগা‌ড়ে কী ক‌রে বাস চালা‌চ্ছেন, সে‌টি কেবল তি‌নিই জা‌নেন।
যা-ই হোক, সাভার যে‌তে না যে‌তেই ফজ‌রের আজান দি‌ল। আমরা গা‌ড়ি‌তে ব‌সে বিস্কুট খাই। সকাল ১০টায় আমরা চন্দ্রা। টাঙ্গাইল বাইপা‌সে বা‌সে ব‌সে থে‌কে আমরা দেখলাম লোকজন জুমার নামাজ পড়‌তে যা‌চ্ছেন।
বেলা তিনটার সময় আমরা ‌সিরাজগ‌ঞ্জের হা‌টিকুমরুল মোড় পার হলাম। ঢাকা থে‌কে ১৩৩ কি‌লো‌মিটার এলাম ১২ ঘণ্টায়, পাড়ি দিতে হবে আরও ৩০০ কিলো পথ। গড় গতি‌বেগ ১১ কি‌লো।
বাসা থে‌কে মা-বাবা বারবার ফোন কর‌ছেন। বাবা বিরক্ত হ‌য়ে বল‌লেন, ‘তোরা কি গা‌ড়ি‌তে আস‌তে‌ছিস। হেঁটে এলেও তো এর কম সময় লা‌গে।’