হেইই...শুরু হলো 'অ্যাকশন'
কোরিয়ান ভাষায় প্রশিক্ষক কী যেন বলতেই চেঁচিয়ে উঠল ছোট্ট শিশুরা। মুষ্টিবদ্ধ হাত। প্রত্যয়ী চোখ। এগিয়ে এসেই লক্ষ্যবস্তুতে ছুড়তে শুরু করল লাথি। তবু মন ভরে না প্রশিক্ষকের। আবার করে দেখাতে বললেন, আবারও। ধানমন্ডি সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে গত বুধবারের তায়কোয়ান্দো প্রশিক্ষণের দৃশ্য এটি। প্রশিক্ষণ তো নয়, যেন আত্মপ্রত্যয়ী শিশুদের মিলনমেলা।
তায়কোয়ান্দো মূলত আত্মরক্ষার কৌশল। এর জন্ম কোরিয়ায়। কোরিয়ার ভাষায় ‘তায়’ মানে পা অথবা এগিয়ে যাওয়া, কোন মানে মুষ্টিবদ্ধ হাত অথবা যুদ্ধ, ডো মানে কৌশল। ওয়ার্ল্ড তায়কোয়ান্দো ফেডারেশনের ওয়েবসাইট অনুযায়ী তায়কোয়ান্দো মানে মুষ্টিবদ্ধ হাত ও পাকে সঠিক পদ্ধতিতে আত্মরক্ষার কাজে ব্যবহার করা। এর উদ্দেশ্য সঠিক কৌশল ব্যবহার করে পরিস্থিতিকে শান্ত করা, শান্তি বজায় রাখা। এটি এখন বিশ্বের ২০৬টি দেশের জনপ্রিয় খেলা।
সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সের তায়কোয়ান্দো ক্লাসে ঢুকলে বোঝা যাবে খেলাটি কত জনপ্রিয়। বুধবার বিকেল চারটার দিকে কথা হয় চতুর্থ শ্রেণির ছাত্র সুফিয়ান রহমানের সঙ্গে। মা আঞ্জুম রহমানের সঙ্গে সাঁতার শিখতে এসেছিল ক্রীড়া কমপ্লেক্সে। কোর্স শেষে অনেকটা শখের বশেই তায়কোয়ান্দো শিখতে শুরু করে। এখন আর ছাড়তে চায় না। আঞ্জুম রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘরে বসে তো কার্টুন দেখা, ভিডিও গেমস খেলা ছাড়া সময় কাটানোর উপায় নেই। ছেলে এখানে ঘাম ঝরাচ্ছে। বন্ধুবান্ধবও জুটে গেছে। তাই যত কাজই থাকুক, নিয়ে আসার চেষ্টা করি।’
আঞ্জুম রহমানের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন প্রশিক্ষক এসে পৌঁছাননি। দেখা গেল, সবাই মিলে মেঝেতে মাদুর বিছাচ্ছে। চার বছরের ছোট্ট প্রিয়া আসমাও বসে নেই, সেও মাদুরে হাত লাগাচ্ছে। অরণি বিদ্যালয়ের কুসুম শ্রেণির ছাত্রী প্রিয়া, মুখে এখনো বোল ফোটেনি।
বিকেল সোয়া চারটার দিকে প্রশিক্ষক সুস্মিতা ইসলাম এসে পৌঁছালেন। ক্রীড়া কমপ্লেক্সের পুরো বারান্দায় তখন আর তিল ধারণের জায়গা নেই। যেই বললেন ‘শি-যাক’ (শুরু করো), শুরু হলো ‘অ্যাকশন’। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে এসে সমস্বরে চিৎকার হে-এ-এ-এ-এ-ই। এভাবে কয়েক দফা। সুস্মিতা পরের নির্দেশনাগুলোও দিচ্ছিলেন কোরিয়ার ভাষায়। এই প্রতিবেদক বুঝতে পারেননি। তবে শিশুরা বুঝতে পারছিল। অনুমানে মনে হলো তিনি পা দিয়ে বিভিন্ন উপায়ে কীভাবে আঘাত প্রতিহত করা যায়, সেই কৌশল দেখাচ্ছেন। এরপর শুরু হলো লক্ষ্যবস্তুতে লাথি মারার অনুশীলন। পাঁচ বছর আট মাস বয়সী শ্রোণা ফাতেমা শেখকে বারবার অনুশীলন করানো হচ্ছিল। সবারই সাদা পোশাক। ওর বেল্টটা কালো-লালের মিশেল। জানা গেল, আর একটা পরীক্ষা হলেই ও পাবে ব্ল্যাক বেল্ট বা বিশেষ মর্যাদা।
সামিয়া সানজিদা মেয়েকে তায়কোয়ান্দো শিখতে দিয়েছেন বাস্তব অবস্থা বিবেচনা করে। প্রথম আলোকে তিনি বলেন, ‘দিনকাল ভালো না। চলতে-ফিরতে-উঠতে-বসতে মেয়েদের নানা ঝুঁকি। ও যেন নিজেই আত্মরক্ষা করতে পারে, সে জন্যই দিয়েছি।’ সামিয়ার মেয়ে কাজী মায়মুনা সানজিদা স্কলাস্টিকা স্কুলের ছাত্রী।
প্রশিক্ষক সুস্মিতা ইসলাম বলেন, সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে তায়কোয়ান্দো প্রশিক্ষণ বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় পরিচালিত হয়। মাসে বেতন মাত্র পাঁচ শ টাকা। যে কেউ সেখানে বাচ্চা নিয়ে যেতে পারেন।