হেডফোনে গান শুনতে শুনতে ট্রেনে কাটা পড়ল স্কুলছাত্র
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র বাবুল হোসেনের (১৫) মৃত্যু হয়েছে। ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়া রেলস্টেশনের অদূরে শিবপুর গ্রামের পাশে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাবুল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে খন্দকার আব্দুল মজিদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ইউসুফ আলী বলেন, ঘটনার সময় বাবুল কানে হেডফোন লাগিয়ে মুঠোফোনে গান শুনতে শুনতে ওই রেলপথ ধরে স্কুলে যাচ্ছিল। পেছন থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন এলে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। বাবুলের মৃত্যুর খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। অনেক শিক্ষার্থী ছুটে যায় রেললাইনে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল বলেন, বাবুলের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।