চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি বেদখল, সাংস্কৃতিক আগ্রাসন, পরিবেশবিরোধী কার্যক্রম রোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (গ্রামপ্রধান) ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে ঐতিহ্যবাহী প্রথাগত নেতৃত্ব ও সুশীল সমাজের সমন্বয় জরুরি।
গতকাল বুধবার সকাল ১০টায় রাঙামাটি শহরের টংগ্যা সভাকক্ষে ‘আদিবাসীদের ভূমি অধিকার ও সংস্কৃতি সুরক্ষায় হেডম্যান-কার্বারি ও সুশীল সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) হেডম্যান নেটওয়ার্ক ও কাপেং ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামে তামাক চাষ, সেগুনবাগান সৃজনসহ নানা পরিবেশবিরোধী কার্যক্রম চলছে। এসব বন্ধে স্থানীয় জনগণকে সচেতন করার কাজে হেডম্যান ও কার্বারিদের ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চুক্তি এবং পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদকে না জানিয়ে পর্যটনের নামে জায়গা দখল করা হচ্ছে। অথচ আইনে আছে, হেডম্যানদের অনুমতি ছাড়া ভূমি বন্দোবস্ত, ইজারা দেওয়া যাবে না।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, ‘ভূমির সঙ্গে আমাদের সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূমি না থাকলে সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে। যেভাবে ভূমি বেদখল ও সাংস্কৃতিক আগ্রাসন চলছে, তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। হেডম্যান ও কার্বারিদের সচেতনতা এ উদ্বেগ কমাতে পারে।’
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি প্রেমলাল চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, শিক্ষাবিদ মংসানু চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা সভাপতি শক্তিপদ ত্রিপুরা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, আইনজীবী সুস্মিতা চাকমা, সমাজকর্মী চিংহ্লা মং চাক প্রমুখ।