হেডম্যানদের ভূমিকা রাজার চেয়েও গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি বন্দোবস্ত প্রদান ও মালিকানা হস্তান্তরে হেডম্যানদের (মৌজাপ্রধান) ভূমিকা রাজার চেয়েও গুরুত্বপূর্ণ। সে জন্য হেডম্যানদের দক্ষ ও শিক্ষিত হতে হবে। হেডম্যানদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু চৌধুরী এ কথা বলেছেন।
বোমাং রাজা বলেন, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ হেডম্যানদের হাতে থাকা সত্ত্বেও হাজার হাজার একর জমি বেদখল ও বেহাত হওয়া দুঃখজনক। ভূমি বেদখল ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল শনিবার বান্দরবান শহরে বোমাং রাজার কার্যালয় মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বোমাং সার্কেল হেডম্যান অ্যাসোসিয়েশন ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে বান্দরবান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিংপ্রু মার্মা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাশৈপ্রু, হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা ও প্রশিক্ষক শক্তিপদ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
তিন দিনের এ কর্মশালায় পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি আইন, বন্দোবস্ত প্রক্রিয়া, পার্বত্যচুক্তি, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন ও ভূমি ব্যবস্থাপনায় জেলা পরিষদের ভূমিকা নিয়ে হেডম্যানদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন।
হেডম্যান নেতা সাশৈপ্রু ও শান্তি বিজয় বলেছেন, যে হেডম্যান দক্ষতার পরিচয় দিতে পারবেন না, তাঁকে দায়িত্বে রাখা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ভাবতে হবে।