হেনস্তা হলেন সাংসদ মোস্তাক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা থেকে দশম জাতীয় সংসদের একতরফা নির্বাচনে নেত্রকোনার তিনটি আসনেই নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জনমনে শঙ্কা ছিল বিঘ্ন ঘটার। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। তবে কলমাকান্দার গানধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতা বর্তমান সাংসদ মোস্তাক আহমেদকে হেনস্তা করেছেন।
দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এই সাংসদ সেখানে গেলে জনগণ তাঁকে ঘিরে ধরে বলতে থাকেন—গত পাঁচ বছরে একবারও আসতে পারেননি। এখন কেন এসেছেন? পুলিশ তাঁকে পাহারা দিয়ে পাঁচকাঠা বাজারের সঞ্চরণিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিয়ে যায়। এ ছাড়া আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে গিয়ে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নেত্রকোনার নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) মিন্টু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নেত্রকোনার তিনটি আসনের কোনো কেন্দ্রে গতকাল নির্বাচন বর্জন ও প্রতিরোধকারীদের কোনো তৎপরতা ছিল না। তবে ভোটার উপস্থিতি কম ছিল। নেত্রকোনায় সংসদীয় আসন পাঁচটি। দুটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই সাংসদ।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ঠাকুরকোনা রহিমউদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় ক্র্যাচে ভর দিয়ে ভোট দিতে এসেছিলেন প্রতিবন্ধী কানন বর্মণ। তখনো ওই কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন ছিল না।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন হচ্ছে, তাই ভোট দিতে এসেছি।’ নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের কৈলাটি জনতা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আগের দিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। আগের দিন নেত্রকোনায় আরও তিনটি কেন্দ্রে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। কিন্তু গতকাল ভোট গ্রহণে তার কোনো প্রভাব ছিল না।