হেনস্তার শিকার দীপ্ত টিভির সাংবাদিক
প্রতিবেদনের কাজ শেষ করে ফেরার পথে দীপ্ত টেলিভিশনের এক সাংবাদিকসহ পাঁচজন হেনস্তার শিকার হয়েছেন। অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেন কিছু যুবক। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে তাঁরা চান্দগাঁও র্যা ব কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন।
ঘটনার শিকার দীপ্ত টেলিভিশন ঢাকা কার্যালয়ের প্রতিবেদক আনিসুর রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে অভিযোগ করেন, সানোয়ারা সিটি নামের একটি আবাসন প্রকল্পের সংবাদ সংগ্রহ করে তাঁরা কালুরঘাট ফিরছিলেন। পথে চান্দগাঁও বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের বহনকারী গাড়িটি ধাওয়া করেন বেশ কিছু যুবক। ওই যুবকেরা মোটরসাইকেলে ছিলেন। তাঁরা সাংবাদিকদের বহনকারী গাড়ি লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। গাড়িটিও ভাঙচুর করেন। পরে দ্রুত তাঁরা র্যা বের চান্দগাঁও কার্যালয়ে আশ্রয় নেন। এ সময় কয়েক শ যুবক র্যা ব কার্যালয়ের বাইরে স্লোগান দিতে থাকেন। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁরা র্যা ব কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
থানায় অভিযোগ কিংবা মামলা করেছেন কি না, জানতে চাইলে আনিসুর রহমান বলেন, কাল (আজ) তাঁরা থানায় মামলা করবেন। ধাওয়াকারী যুবকেরা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর পক্ষের লোক বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মন্ত্রীর বড় ছেলে মুজিবুর রহমান মুঠোফোনে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দীপ্ত টেলিভিশন নয়, বিবিসির সাংবাদিক পরিচয় দিয়ে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে কয়েকজন সাংবাদিক প্রতিবেদন করতে যান। তাঁরা মিথ্যা পরিচয় দেওয়ায় এলাকার লোকজন তাঁদের ধাওয়া করেছে বলে তিনি শুনেছেন।
মুজিবুর রহমান বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। চট্টগ্রামে এলে কী ঘটেছে তা বিস্তারিত জানতে পারবেন।
র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, দীপ্ত টেলিভিশনের কয়েকজন সাংবাদিক র্যা বের চান্দগাঁও কার্যালয়ে এসেছিলেন। তবে কোনো অভিযোগ দেননি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, ‘দীপ্ত টেলিভিশনের সাংবাদিককে কে বা কারা ধাওয়া করেছে শুনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ দিতে আসেনি।’