‘অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা বা রাজনীতিতে নারীর ক্ষমতায়নের সংকটে হেনা দাসকে বারবার স্মরণ করতে হবে। তাঁর আদর্শকে আত্মস্থ করতে হবে। পাশাপাশি তাঁর মতো সংগ্রামী নারীদের অবদানকে পরিপূরক ইতিহাসেও স্থান দিতে হবে।’গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভানেত্রী হেনা দাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, নানকার আন্দোলন, চা-শ্রমিকদের অধিকার আদায়, নারীর মানবাধিকার রক্ষার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের পরিচিত মুখ ছিলেন হেনা দাস। তিনি শেষ দিন পর্যন্ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্মরণসভায় সভাপতির বক্তব্যে আয়শা খানম বলেন, ‘কবি সুফিয়া কামাল, হেনা দাসদের মতো নারীর অবদানকে পরিপূরক ইতিহাসে স্থান দেওয়ার জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে।’ কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার বলেন, ‘গণতন্ত্রের আন্দোলনে নারীরা কীভাবে সংগ্রাম করেছেন হেনা দাস ছিলেন তাঁর মূর্ত প্রতীক।’ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘হেনা দাস বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তিনি শুধু পথ চলতে জানতেন। তাঁর সেই ঐতিহ্যকে ধারণ ও আত্মস্থ করা সবার দায়িত্ব।’ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ হেনা দাসকে সমাজ বদলের নেতা হিসেবে উল্লেখ করেন। পরিবারের পক্ষে হেনা দাসের মেয়ের জামাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, হেনা দাস যে রায় বাহাদুরের মেয়ে ছিলেন তা তাঁর ব্যবহার, চালচলনে কখনোই বোঝা সম্ভব হতো না। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মহিলা পরিষদের জ্যেষ্ঠ আইনজীবী দীপ্তি রানী সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন রাখী দাশ পুরকায়স্থ। হেনা দাসকে স্মরণ করে গান গেয়ে শোনান শিল্পী অনিমা চক্রবর্তী। বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেনা দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যালয়েও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কে এম আবুল হাসান।