হেনা দাসের স্মরণে নারায়ণগঞ্জে সভা
বাংলাদেশের প্রগতিশীল নারী ও শিক্ষক আন্দোলনের নেত্রী প্রয়াত কমরেড হেনা দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। গতকাল বুধবার সকাল নয়টায় নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় এ সভা হয়।
সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলামের সভাপতিত্বে হেনা দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রফিউর রাব্বি, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক কমরেড নিখিল দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হিমাংসু সাহা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা নেত্রী কমরেড রাশিদা বেগম প্রমুখ।
লক্ষ্মী চক্রবর্তী বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কমরেড হেনা দাসের রাজনৈতিক জীবনের শুরু। পরবর্তী সময়ে শ্রমিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, নারী আন্দোলন, শিক্ষক আন্দোলনসহ বহুমাত্রিক লড়াই-সংগ্রামে অবদান রেখেছেন। তাঁর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’