হেনা হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
শরীয়তপুরে কিশোরী হেনা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সালিসকারী লতিফ মীর মালতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে মামলার অপর আসামি শিল্পী বেগমকে গত রোববার থেকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, লতিফকে গ্রেপ্তারের জন্য উপপরিদর্শক (এসআই) কাজী কামাল হোসেনের নেতৃত্বে শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশের একটি দল গত কয়েক দিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছিল। গতকাল সকাল আটটার দিকে সিদ্ধেশ্বরী এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তাঁকে নড়িয়া থানায় নিয়ে আসা হয়। এসআই কামাল হোসেন জানান, লতিফকে থানাহাজতে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।এ ছাড়া মামলার অপর আসামি শিল্পী বেগমকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত রোববার থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান বলেন, শিল্পী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর কাছ থেকে গতকাল বিকেল পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত ৩০ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসের মাধ্যমে ফতোয়া দিয়ে হেনাকে দোররা মারা হয়। ৩১ জানুয়ারি হেনা মারা যায়। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ১৮ জনকে আসামি করে নড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন হেনার বাবা দরবেশ খান।