হেনাকে দোররা মেরে হত্যার নতুন মামলাও সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে কিশোরী হেনা আক্তারকে ধর্ষণ ও দোররা মেরে হত্যার ঘটনায় করা নতুন মামলাটির তদন্তের দায়িত্বও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির শরীয়তপুরের পরিদর্শক মনিরুজ্জামান। এর আগে তিনি হেনাকে হত্যার ঘটনায় প্রথম মামলার তদন্তেরও দায়িত্ব পান। এদিকে হেনা আক্তারকে দোররার রায় দেওয়া অন্যতম সালিসকারী আসামি লতিফ মীরমালত বৃহস্পতিবার শরীয়তপুর বিচারিক হাকিম আবদুল মান্নানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জানা যায়, নড়িয়া উপজেলার চামটা গ্রামের দরিদ্র কৃষক দরবেশ খাঁর মেয়ে হেনা আক্তার (১৪) গত ২৩ জানুয়ারি ধর্ষণের শিকার হয়। এ নিয়ে ২৪ জানুয়ারি গ্রামে সালিস বসলে সমাজপতিরা ফতোয়া দিয়ে দোররা মারার রায় দেন। দোররার আঘাতে অসুস্থ হয়ে গত ৩১ জানুয়ারি হেনার মৃত্যু হয়। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা হলে এজাহারে হেনাকে ধর্ষণ, ধর্ষণ আড়াল করার চেষ্টার ও ফতোয়া দিয়ে দোররা মারার বিষয়টি এড়িয়ে যায় পুলিশ। হেনার লাশের পুনরায় ময়নাতদন্ত করা হলে আগের প্রতিবেদনের সঙ্গে অমিল খুঁজে পান হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ১১ ফেব্রুয়ারি জেলার নড়িয়া থানায় নতুন আরেকটি মামলা করেন হেনার মা। ওই মামলায় আগের মামলার ১৮ আসামিকে আসামি করা হয়।