হেনার মৃত্যু ছু্ঁয়ে গেছে বিশ্ববিবেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর থেকে বাংলাদেশ; তারপর পুরো বিশ্ব। দোররার আঘাতে কিশোরী হেনার নির্মম মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই সঙ্গে হেনার নিষ্পাপ-নিথর মুখের না বলা কথাগুলো ছুঁয়ে গেছে বিশ্ববিবেককে।১৪ বছরের কিশোরী হেনাকে ধর্ষণ, নির্যাতন, দোররা মেরে আহত করা এবং পরে তার মৃত্যুর খবর প্রভাবশালী অনেক আন্তর্জাতিক গণমাধ্যমেই প্রচারিত হয়েছে। সংবাদটির ফলোআপও তারা প্রচার করছে। আর এসব গণমাধ্যমের অনলাইনে বিশ্বের বিভিন্ন প্রান্তের পাঠক তাদের ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে মন্তব্য প্রকাশ করছে।হেনার মৃত্যুর খবর প্রচারকারী বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ, স্কাই নিউজ, বিবিসি, হেরাল্ড সান, গালফ নিউজ, ডন, জাকার্তা গ্লোব, সিবিএস নিউজ, পিপলস ডেইলি অনলাইন, ডেইলি টাইমস, ইউটিভি নিউজ, এনডিটিভি, ভয়েস অব আমেরিকা, পিটিআই, ইউএসএ টুডে, অনইন্ডিয়া নিউজ, দ্য ডেইলি চিলি, ইন্ডিয়া টাইমস, জি নিউজ ও বার্তা সংস্থা এপি ও এএফপি।অধিকাংশ সংবাদমাধ্যমই হেনার মৃত্যুর সচিত্র খবর প্রকাশ করেছে। গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদপত্র ঘটনার ফলোআপ প্রতিবেদন প্রকাশ করেছে। হেনার মৃত্যু নিয়ে গার্ডিয়ানের একটি খবরে তিন শতাধিক মন্তব্য পড়েছে। ডেইলি মেইলের খবরে শতাধিক ও স্কাই নিউজের খবরে অর্ধশতাধিক মন্তব্য পড়েছে। মন্তব্যকারীদের মধ্যে কেউ কেউ ওই আইনকে ‘প্রস্তর যুগের আইন’ বলে অভিহিত করেছে। এক মন্তব্যকারী ঘটনাকে ‘অসভ্য’ বলে উল্লেখ করেছেন। ফতোয়াবাজদের উদ্দেশে একজন লিখেছেন, ‘হিংস্র প্রাণীকে বাঁচতে দেওয়া উচিত নয়।’ একজন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘মর্মাহত হয়ে আমি বাক্যহারা।’