হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তির চাকরি করতে কোনো বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শতকরা সাত ভাগ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। তবে এদের অধিকাংশ সুস্থ জীবন যাপন করছে এবং এরা সাধারণ মানুষের মতোই কর্মক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে চাকরিতে অযোগ্য ঘোষণা অবৈজ্ঞানিক ও অমানবিক।গতকাল শুক্রবার হেপাটোলজি সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় আলোচকেরা এ কথা বলেন। সংস্থার ধানমন্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আলোচকেরা বলেন, যকৃত্-বিশেষজ্ঞদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই বয়সে তরুণ। ওই হিসাবে অর্ধকোটিরও বেশি তরুণ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এদের অধিকাংশেরই শরীর সুস্থ এবং যকৃত্ ক্ষতিগ্রস্ত হয়নি। এরা সাধারণ মানুষের মতোই কর্মক্ষম। অভিযোগ পাওয়া গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চাকরিতে অযোগ্য ঘোষণা করা হচ্ছে। আলোচকেরা বলেন, সাধারণ কাজকর্মের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় না। যৌনকর্ম, রক্তের মাধ্যমে এবং একই টুথব্রাশ বা ব্লেড ব্যবহারের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়।হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংস্থার মহাসচিব মোতাহার হোসেন, অধ্যাপক এ কে এম খোরশেদ আলম, অধ্যাপক নুরুদ্দীন আহমেদ, শাহিনুল আলম, গোলাম মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি।