হেফাজত আমিরের অশ্লীল ও নোংরা বক্তব্যের প্রতিবাদ
বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী নারীর বিরুদ্ধে চরম অশ্লীল, নোংরা ও বিকৃত বক্তব্য দিয়ে নারীর অগ্রযাত্রার বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন, যা সংবিধান পরিপন্থী।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি আহমদ শফীর এই অশ্লীল বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। মোর্চার পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সই করা বিবৃতিতে অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
সম্প্রতি এক ওয়াজ মাহফিলে আহমদ শফী নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
এর প্রতিবাদে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এ দেশের পোশাকশিল্পের নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন। কৃষক নারীরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দিন-রাত পরিশ্রম করছেন। শ্রমজীবী পেশাজীবী নারীরা বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। জনগণের ভোটে নির্বাচিত নারীরা রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন।
এতে আরও বলা হয়, নারী-পুরুষের প্রকৃত সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় নারীর কার্যকর অংশগ্রহণ এবং নারী উন্নয়ন নীতি বাস্তবানের লক্ষ্যে যখন আন্দোলন চলছে, তখন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে গৃহের অভ্যন্তরে বন্দী করে দেশে একটি মধ্যযুগীয় শাসনব্যবস্থা কায়েমের স্বার্থে নারীর প্রতি যে অবমাননাকর বক্তব্য হেফাজতে ইসলাম দিচ্ছে, তা নিন্দনীয়।
স্বাধীনতার চার দশক পর ১৯৭২-এর সংবিধানের নীতিমালা ও মূল্যবোধ বিবর্জিত এ ধরনের বক্তব্যের পেছনে কোনো বিশেষ রাজনৈতিক কারণ আছে কি না, সেই সন্দেহ দেখা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং জাতীয় নারী উন্নয়ন নীতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান রেখেছে সামাজিক প্রতিরোধ কমিটি। বিজ্ঞপ্তি।