হেফাজত আমিরের সঙ্গে মেয়র নাছিরের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। গতকাল শুক্রবার দুপুরে তিনি হাটহাজারীতে হেফাজত আমিরের কার্যালয়ে যান।
হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, মেয়র আ জ ম নাছির উদ্দিন আমিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। বিকেলে মাদ্রাসার দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় মেয়রের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুরে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় করেন মেয়র। বিকেলে মাদ্রাসার দাওয়ারে হাদিস বিভাগের খতমে বোখারি শরিফের দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় হেফাজতের আমির ঘোষণা দেন, মাদ্রাসার পাঁচতলা মসজিদ ভবনের লিফটের যাবতীয় খরচ মেয়র বহন করবেন।
পরে সাংবাদিকদের আ জ ম নাছির জানান, হুজুর (হেফাজত আমির) দোয়া মাহফিলের দাওয়াত দিয়েছেন। তাই দোয়ায় শরিক হতে তিনি এসেছেন।