হেফাজত ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার-আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়ের করা তিনটি হত্যাসহ মোট ১৫ মামলায় বেশির ভাগ আসামি বিএনপির নেতা-কর্মী। মামলায় হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।

বিএনপির নেতাদের অভিযোগ, হয়রানি করার জন্য তাঁদের এসব মামলায় জড়ানো হয়েছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

৬ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের কাঁচপুরে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে বিজিবি দুজন, পুলিশের দুই সদস্যসহ ২০ জন নিহত হন। আহত হন শতাধিক। কাঁচপুর হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। এ সময় বিজিবি, র‌্যাব ও পুলিশের গাড়িসহ কমপক্ষে ১০টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া অর্ধশতাধিক যান ভাঙচুরের ঘটনা ঘটে। বিজিবি ও পুলিশ সদস্য এবং ট্রাকচালক নিহত, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় ১৫টি মামলা হয়। মামলায় হেফাজতে ইসলাম, জামায়াত-শিবির এবং বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়।

মামলার পর থেকে জেলা বিএনপির শীর্ষ নেতাসহ দেড় শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। শহর বিএনপির সহসভাপতি সুরুজ জামান বলেন, হেফাজতকে নৈতিকভাবে বিএনপি সমর্থন দিলেও সংঘর্ষের ঘটনায় কোনো নেতা-কর্মী জড়িত ছিলেন না।

মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার জানান, নেতা-কর্মীরা দুর্বিষহ জীবন যাপন করছেন। তিনি এসব মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়নি। সেদিনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ও পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁদের আসামি করা হয়েছে।