ব্লগারদের কোনো তালিকা হেফাজতে ইসলাম কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়নি বলে দাবি করেছেন সংগঠনের আমির শাহ আহমদ শফী। গতকাল রোববার বিবৃতিতে তিনি এ দাবি করেন।
‘হেফাজতের তালিকাভুক্ত ব্লগাররাই জঙ্গিদের হিটলিস্টে’—বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ধরনের প্রচারের প্রতিবাদ জানিয়ে আহমদ শফী এ বিবৃতি দেন। এ ছাড়া সিলেটে অনন্ত হত্যার পর একটি জাতীয় দৈনিকে ‘প্রিয় অনন্ত...’ শিরোনামে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এক লেখায় হেফাজতে ইসলামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৮৪ জন ব্লগারের তালিকা দেওয়ার কথা উল্লেখ করেন।
বিবৃতিতে আহমদ শফী বলেন, ২০১৩ সালের ৩১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত নয় সদস্যের তদন্ত কমিটিকে ৮৪ জন ব্লগারের তালিকা দিয়েছিল আনজুমানে আল-বাইয়্যিনাতের আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। তারা হেফাজতের কেউ নয়। সেদিনকার বৈঠকে হেফাজতে ইসলামের কেউ অংশ নেননি।