হেফাজত-জামায়াতকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বিরোধীদলীয় নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিরোধীদলীয় নেতা হেফাজতে ইসলাম ও জামায়াতকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। জিএসপি সুবিধা বন্ধ করার জন্য তিনি বিদেশি পত্রিকায় বাংলাদেশের অপপ্রচার চালিয়ে সংসদে তা আবার অস্বীকার করেছেন। আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন ও নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র মাঠে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের ৬২ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। বিদ্যুৎ ঘাটতি মেটাতে নেপাল, ভারত ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারে ত্রিপক্ষীয় আলোচনা চলছে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জে ৫৩ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন এবং এক হাজার ৩০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি নতুন বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে ৩২ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে। ক্ষমতায় এসে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি ৫৫টি। আমরা বিশ্বাস করি, দেশকে এগিয়ে নিতে বিদ্যুতের বিকল্প নেই।’ তিনি বলেন, ভবিষ্যতে আবার ক্ষমতায় আসার সুযোগ পেলে তাঁর সরকার দেশের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করবে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট চেয়ে ৩৫ মিনিটের বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধার উত্থাপিত আশুগঞ্জকে পৌরসভায় উন্নীত করার দাবির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কোনো আশ্বাস না পাওয়ায় উপস্থিত জনতার একাংশ ক্ষোভ প্রকাশ করেন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামঞ্চদ এনামুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। স্থানীয় সাংসদের মধ্যে বক্তব্য দেন সাইদুল হক, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও জিয়াউল হক মৃধা।

নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো হলো ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প (নর্থ), ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প (সাউথ), ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, ২০০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্ল্যান্ট, গ্যাসভিত্তিক ৫১ মেগাওয়াট মিডল্যান্ড পাওয়ার প্ল্যান্ট এবং ৫০ মেগাওয়াট গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট।