হেফাজত-জামায়াতের শ্বেতপত্র প্রকাশ করবে নির্মূল কমিটি
হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর গত এক বছরের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। কাল শুক্রবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘হেফাজত-জামায়াতের মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ৪০০ দিন’ নামে এই শ্বেতপত্র আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মূল কমিটি জানিয়েছে, ‘হেফাজতের ৫ মের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কীভাবে বিপন্ন হয়েছিল, হেফাজত-জামায়াতের আসল পরিচয় কী, তারা কী চায়—এসব বিষয় তদন্তের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে বিচারপতি সৈয়দ আমীরুল ইসলামের নেতৃত্বে গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। ৫ মাস মাঠপর্যায়ে তদন্ত ও বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে কমিশন একটি শ্বেতপত্র প্রকাশ করছে।’
কক্সবাজারে রামুর ঘটনা থেকে শুরু ২ নভেম্বর পর্যন্ত হেফাজত ও জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নিয়ে এক হাজার ২৫৬ পৃষ্ঠার এই শ্বেতপত্রে প্রকাশ করা হবে বলে জানান নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। প্রথম আলো ডটকমকে আজ তিনি বলেন, ‘গত ৫ মে ঢাকায় হেফাজতে ইসলাম যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটি ছিল সরকার উত্খাতের পরিকল্পনা। দেশের নিরাপত্তার জন্য হুমকির বিষয় ছিল এটি। সেদিনের ঘটনার জন্য সরকার ও বিরোধী দলকে তদন্ত কমিশন গঠন করতে বলেছিলাম। তারা সেটি না করায় আমরা গণতদন্ত কমিশন গঠন করেছি।’
এদিকে শ্বেতপত্রের প্রথম কপি আজ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিনকে দেয় নির্মূল কমিটি। এ ব্যাপারে শাহরিয়ার কবির বলেন, ‘আমরা মনে করি, হেফাজত ও জামায়াতকে রাস্তায় রেখে এ দেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তাই আমরা স্পিকারের কাছে এদের নিষিদ্ধের দাবি জানিয়েছি।’