পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, হেফাজতের ঘটনা নিয়ে যাঁরাই মিথ্যা প্রচারণা চালাবেন, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে শহীদুল হক এসব কথা বলেন। তিনি বলেন, যাঁরা নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁরা ওই রাতে শাপলা চত্বরে যাননি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক সাতটি সংগঠন ইন্ধন দিয়েছিল বলে পুলিশ চিহ্নিত করেছে। বাকি দলগুলো হলো জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামের দুই অংশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস (ইসাহাক) ও খেলাফত আন্দোলন। এর বাইরে আরও ধর্মভিত্তিক আটটি দল নৈতিক সমর্থন জুগিয়েছিল।
গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অভিযানে নিহত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে একই বিষয় নিয়ে গত বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামও সংবাদ সম্মেলন করেন।
শহীদুল হক দাবি করেন, মানবাধিকার সংগঠন অধিকারের ৬১ নিহতের তালিকায় পাঁচজনের নাম দুবার করে লেখা। ১৮ জনের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। চারজন জীবিত আছেন। এভাবে ৩৫টি নামই মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে। বাকি ২৬ জনের মধ্যে ঢাকায় মারা গেছে ১৩ জন, আর বাকি ১৩ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।
অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, যে ১৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ছয়জন মাত্র হেফাজতের কর্মী।
এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, অরাজকতা সৃষ্টির অভিযোগে হেফাজতের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৮৩টি মামলা হয়েছে। তিনি বলেন, ‘চট্টগ্রামে চাকরির সুবাদে মাওলানা আহমদ শফীকে আমি অনেক দিন ধরে চিনি। তাঁকে বারবার বলেছি, সরকারের সঙ্গে বসেন। কিন্তু দেখলাম নেতৃত্ব তাঁর কাছে নেই। ৬ মে সকালে শফী সাহেব আমাকে ফোন করে বললেন, তিনি চট্টগ্রামে যেতে চান। আমরা তাঁকে পুলিশ প্রহরায় চট্টগ্রামে পাঠালাম। এ জন্য তিনি আমাকে একটা ধন্যবাদও দেননি।’
হেফাজতের আমির শাহ আহমদ শফীকে গ্রেপ্তার না করার কারণ হিসেবে শহীদুল হক বলেন, ‘মাওলানা শফী সাহেবের বয়স অনেক। তিনি রাজপথে সশরীরে ছিলেন না। তাঁকে মামলার আসামি করার সুযোগও ছিল না।’