হেফাজত নীরব, শিয়া পরিচিতি সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার দ্বিতীয় বার্ষিকীতেও কোনো কর্মসূচি নেই হেফাজতে ইসলামের। তবে কাল বুধবার চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে ‘শিয়া পরিচিতি ও শানে রেসালত’ নামে একটি সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।
হেফাজতের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, অভ্যন্তরীণ বিভেদ, হতাশা ও অবিশ্বাসে সংগঠনটির কার্যক্রম প্রায় বন্ধ বা থিতিয়ে পড়েছে। হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের ওপর সরকারের বিভিন্ন সংস্থার চাপ ও নজরদারি রয়েছে। এ অবস্থায় সংগঠনটি নিজেদের ১৩ দফা দাবি নিয়ে সরব অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে।
ওই সূত্র জানায়, হেফাজতের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি মধ্যপ্রাচ্যের শিয়া-সুন্নি সংঘাতের দিকে। শাপলা চত্বরের সমাবেশে র্যা ব-পুলিশের অভিযানের দ্বিতীয় বার্ষিকীতে ‘শিয়া পরিচিতি ও শানে রেসালত’ সম্মেলনের আয়োজন তারই অংশ। হেফাজতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা এর আয়োজক। এতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সম্মেলন আয়োজন কমিটির সদস্যসচিব মীর ইদ্রিছ বলেন, বহির্বিশ্বে শিয়া-সুন্নি সংঘর্ষের বিষয়ে মানুষের মধ্যে ভুল-বোঝাবুঝি আছে। এ বিষয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ প্রথম আলোকে বলেন, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে আক্রমণ আসছে। শিয়াদের পক্ষ থেকেও আসছে। এ কারণে শানে রেসালত সম্মেলনে হয়তো বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
হেফাজতের দায়িত্বশীল সূত্র জানায়, দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ধর্মহীনতা, কওমি মাদ্রাসার ওপর সরকারের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ, বিভিন্ন স্থানে ওয়াজ-মাহফিল আয়োজনে প্রশাসনের অনুমতি নেওয়া নিয়ে নানা জটিলতাসহ আরও কিছু ধর্মীয় বিষয় নিয়ে গত ২০ এপ্রিল হাটহাজারী মাদ্রাসায় চট্টগ্রামকেন্দ্রিক বিশিষ্ট আলেমদের একটি সভা হয়। আহমদ শফীর সভাপতিত্বে ওই সভায় প্রায় ৪০ জন আলেম উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, ওপরের বিষয়গুলো নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আলেমদের সচেতন করার লক্ষ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ, এরপর জাতীয় ওলামা-মাশায়েখ সমাবেশ করার প্রস্তাব করা হয়। কিন্তু সভার শেষ পর্যায়ে আহমদ শফীর ছেলে আনাছ মাদানি শিয়াদের নিয়ে বক্তব্য আসা দরকার বলে মত দেন। এতে আহমদ শফীও সায় দেন।
হেফাজত সূত্র জানায়, হেফাজতের আমির ও তাঁর ছেলে আনাছ মাদানির সঙ্গে আওয়ামী লীগের নেতা ও সরকারের বিভিন্ন সংস্থার সদস্যরা এখনো নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এ অবস্থায় সরকারের বিপক্ষে যায় এমন কর্মসূচি বা বক্তব্য দেওয়া থেকে হেফাজতের নেতারা বিরত রয়েছেন।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের উত্থানের পর কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হঠাৎ জেগে ওঠে কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক মাসের ব্যবধানে ঢাকায় দুটি ‘লংমার্চ’ ও ‘অবরোধ’ কর্মসূচি পালন করে দেশ-বিদেশে হইচই ফেলে দিয়েছিল সংগঠনটি। ওই বছরের ৫ মে ঢাকার ছয় প্রবেশমুখে অবরোধ কর্মসূচি শেষে শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতের লাখ লাখ কর্মী-সমর্থক। এ অবস্থানকে ঘিরে চরম উৎকণ্ঠায় পড়ে সরকারের উচ্চমহল। ওই দিন মধ্যরাতে পুলিশ, র্যা ব ও বিজিবির অভিযানের মুখে এলাকা ছেড়ে যেতে বাধ্য হন হেফাজতের কর্মীরা।
আহমদ শফী ঘটনার দুই দিন পর ৭ মে এক বিবৃতিতে দাবি করেন, অভিযানের সময় আড়াই থেকে তিন হাজার লোক মারা গেছেন। একই রকম দাবি করে বিএনপি ও জামায়াতে ইসলামীও। কিন্তু গত দুই বছরে এই দাবির পক্ষে তারা কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি। দুই বছরে এই দিনটিতে সংগঠনটি কোনো কর্মসূচিও দেয়নি। শুধু ঢাকায় ঘরোয়াভাবে দোয়া দিবস পালন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহি প্রথম আলোকে বলেন, ‘৫ মে উপলক্ষে আমরা কোনো কর্মসূচি রাখিনি, এটা ঠিক। তবে পরদিন হাটহাজারীতে শানে রেসালত সম্মেলন হবে। সেখানে শাপলা চত্বরের ঘটনা দিয়ে কথা হবে।’