হেফাজত নেতা ওয়াক্কাস গ্রেপ্তার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গত ৫ মে পল্টন ও মতিঝিল এলাকায় হেফাজতের ধ্বংসযজ্ঞের ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় মুফতি ওয়াক্কাস অন্যতম আসামি। ওই সব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াক্কাস বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। তিনি এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে চারদলীয় জোটের হয়ে যশোর এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম জানিয়েছে, গতকাল বেলা দুইটার দিকে মালিবাগ চৌধুরী-পাড়ার শামসুল উলুম মাদ্রাসা থেকে ওয়াক্কাসকে গ্রেপ্তার করে ডিবি। সেখানে তখন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) বৈঠক চলছিল।
খালেদা জিয়ার বিবৃতি: বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত রাতে এক বিবৃতিতে অবিলম্বে মুফতি মো. ওয়াক্কাসের মুক্তি দাবি করেছেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, নিজেদের সংযত করুন, জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন। অন্যথায় জনগণের ক্রোধ থেকে রেহাই
পাবেন না।
এ ছাড়া অপর যৌথ বিবৃতি ওয়াক্কাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবি করেছেন জমিয়তের সভাপতি শায়খ আবদুল মোমিন, নির্বাহী সভাপতি মোস্তফা আজাদ, নূর হোসাইন কাসেমীসহ কেন্দ্রীয় নেতারা।