ওয়াক্কাসের ২০ দিনের রিমান্ড চায় পুলিশ, শুনানি পরশু

হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে মতিঝিল থানার পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁকে হাজির করে পৃথক দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।
মহানগর হাকিম মোহাম্মদ এরফানুল্লাহ মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গতকাল সোমবার বেলা দুইটার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার শামসুল উলুম মাদ্রাসা থেকে ওয়াক্কাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওয়াক্কাস বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির। তিনি এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের হয়ে যশোর এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে তাঁকে আটক করেছিল পুলিশ।