হেফাজত নেতা কাসেমীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমীকে র্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
সংগঠনটির ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, র্যাব নূর হোসাইন কাসেমীকে নিয়ে গেছে।
তবে র্যাব-১-এর তথ্য কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশতাক আহমেদ কাসেমীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
আজ রোববার বেলা পৌনে একটার দিকে নূর হোসাইন কাসেমীকে বারিধারার জামেয়া মাদানিয়া মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তাঁর ব্যক্তিগত ও অফিস সহকারী আহসান হাবীব।
এদিকে কাসেমীকে নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন এই প্রতিবেদককে জানান, র্যাবের সদস্যরা জানিয়েছেন তাঁদের অফিসার কাসেমীর সঙ্গে কথা বলতে চান। তাই তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে।
রাজধানীর শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর হেফাজতের পূর্বঘোষিত মহাসমাবেশ রয়েছে। আর এই সমাবেশ সফল করতে গতকাল শনিবার সরকার ও বিরোধী দলের কাছে সহায়তা চায় সংগঠনটি। মহাসমাবেশের অনুমতি দিতে সরকারের কাছে এবং ওই দিনের অবরোধ কর্মসূচি শিথিল করতে বিরোধী দলের সহায়তা চাওয়া হয়।
এদিকে আজ এক সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ওই দিন হেফাজতে ইসলামকে কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না।