হেফাজত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান কূটনীতিকের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার টিম ব্লটনিকভ গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে সোয়া ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিকেল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত ওই বৈঠক হয়। পরে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘চট্টগ্রামের চান্দগাঁওয়ে একটি আলিয়া মাদ্রাসায় অস্ট্রেলিয়া হাইকমিশনের সহযোগিতায় পরিচালিত আধুনিক শিক্ষা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ডেপুটি হাইকমিশনার টিম ব্লটনিকভ। আমাদের এখানে কোনো নির্ধারিত কর্মসূচি না থাকলেও কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে তিনি এখানে এসেছিলেন।’
অস্ট্রেলিয়ান কূটনীতিকের সঙ্গে হেফাজতের রাজনীতি ও নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মুহিবুল্লাহ বলেন, ‘উনি আসলে সাংগঠনিক, রাজনৈতিক বা আন্দোলনের বিষয়ে কিছু বলেননি। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হেফাজতের নেতা। সেই হিসেবে হেফাজত সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা হয়েছে।’
বৈঠকে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজত নেতা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক হারুন ইজাহার প্রমুখ উপস্থিত ছিলেন।