নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও চারটি মামলা
হেফাজত-বিএনপি ও জামায়াতের নেতাসহ ১৪ হাজার আসামি
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও তিনটি ও র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় হেফাজতে ইসলাম, বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩৩ জনের নাম উল্লেখসহ ১৪ হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক ও শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক মুফতি বশির উল্লাহ, মাদানীনগর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, মক্কী মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ব, জেলা শিবিরের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর শিবিরের সাধারণ সম্পাদক খোরশেদ, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আসলাম সানী, জামায়াতের নেতা আবদুল আল বাকীসহ ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই-তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সরকারি কাজে বাধা ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে র্যাব-১১-এর ডিএডি শ্রীকান্ত ত্রিপুরা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের তিন ছেলে ফয়সাল, সাদরীল ও সানবীর; থানা শ্রমিক দলের সভাপতি আসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আট হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই ফরিদ আহমেঞ্চদ বাদী হয়ে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি টি এইচ তোফাসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু-তিন হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। এই মামলায়ও গিয়াসউদ্দিনের তিন ছেলে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাইকে আসামি করা হয়েছে।
এ ছাড়া হেফাজতের ভেতরে থাকা দুষ্কৃতকারীদের হামলায় তিনজন সাধারণ মানুষ নিহত হওয়ার অভিযোগ এনে এসআই আতাউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা অনেক ব্যক্তিকে আসামি একটি মামলা করেছেন।
নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় এর আগে সোনারগাঁ থানায় পাঁচটি মামলা হয়। তাতে ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেক মানুষকে আসামি করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো হত্যা মামলা হয়নি। এদিকে, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে নাদিম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত সোমবার হেফাজতের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে জামায়াত-শিবিরের কর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে পুলিশ ও বিজিবির দুজন করে সদস্যসহ মোট ২২ জন নিহত হন।
সংঘর্ষ চলাকালে হামলাকারীরা কাঁচপুর হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়ি, সিদ্ধিরগঞ্জের শিমরাইলের পুলিশ বক্স, তিতাস ও ডেসকোর কার্যালয় এবং কুয়েত প্লাজা মার্কেটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ ও বিজিবির তিনটি গাড়িসহ ২০টি যানবাহনে আগুন দেওয়া হয়। হামলাকারীরা বিজিবির দুটি রাইফেল ও পুলিশের একটি রিভলবার ছিনিয়ে নেয়।