হেফাজত-যুবলীগ সংঘর্ষ, গাড়িতে আগুন
নগরের লালখান বাজার এলাকায় হেফাজতে ইসলামের সঙ্গে যুবলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় যুবলীগের নেতারা হেফাজতে ইসলামের প্রচারকাজে ব্যবহূত একটি ছোট ট্রাক পুড়িয়ে দিয়েছেন। হেফাজতের নেতারা অভিযোগ করেছেন, যুবলীগের নেতাদের হামলায় তাঁদের অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।জানা যায়, গতকাল সন্ধ্যায় লালখান বাজার চান্দমারী সড়কে হেফাজতে ইসলামের কয়েকজন নেতা-কর্মী একটি ছোট ট্রাকে চড়ে ২৬ এপ্রিলের শানে রেসালাতের সম্পর্কে প্রচারণা চালাচ্ছিলেন। যুবলীগের নেতা-কর্মীরা সেখানে ট্রাকটি আটকে দেন। এ নিয়ে যুবলীগের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। একপর্যায়ে যুবলীগের কর্মীরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন।হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, যুবলীগের হামলায় আহত হেফাজতের দুই কর্মী হেলাল উদ্দিন ও শেফায়েত হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘বিনা উসকানিতে যুবলীগ আমাদের ওপর হামলা চালায়।’তবে লালখান বাজার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, ‘হেফাজতের কর্মীরা বাঘঘোনা এলাকায় যুবলীগের কর্মীর মালিকানাধীন একটি দোকান পুড়িয়ে দেন। এরপর আমাদের লোকজনও তাঁদের একটি ছোট ট্রাক জ্বালিয়ে দেয়।’