হেফাজত-সমর্থক ভোটারই 'ফ্যাক্টর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। তবে এই এলাকার প্রায় এক লাখ ১০ হাজার হেফাজত-সমর্থক ভোটারের সমর্থন জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে বলে স্থানীয় লোকজন মনে করছেন। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে তাঁরা বড় ‘ফ্যাক্টর’ হয়ে উঠেছে।

ফটিকছড়ি উপজেলার লোকসংখ্যা সাড়ে ছয় লাখ। তার এক-তৃতীয়াংশ ভোটার কওমি বা হেফাজত আকিদার। এ ছাড়া হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা সেলিম ও মাওলানা ছালাহ উদ্দিনের বাড়ি এ উপজেলায়।

জানা গেছে, ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থী সমানে সমান। হেফাজতে ইসলাম বাংলাদেশের একক কোনো প্রার্থী এখানে নেই। কিন্তু তাদের সমর্থক ভোটাররা জানান, শুধু দল দেখে নয়, অবহেলিত এই জনপদের উন্নয়নে যে প্রার্থী সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবেন, তাঁকে তাঁরা ভোট দেবেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় চেয়ারম্যান পদে চার, ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৩ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলার কওমি বা হেফাজত-অধ্যুষিত আমতল গ্রামের নাজিম উদ্দিন (২৮) বলেন, ‘অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে ইতোপূর্বে দলগতভাবে কেউই ভূমিকা রাখেননি। ভোটাররা এলাকার উন্নয়ন নিয়ে কিছুটা ভাবতে শুরু করেছেন। প্রার্থী যে দলেরই হোন, যিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন, তাঁকেই আমরা ভোট দেব।’

বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সরোয়ার আলমগীর সরকারি দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমার বিজয় ছিনিয়ে নিতে সরকারি দল-সমর্থিত প্রার্থী জনগণের ভোট ছিনতাইয়ের পরিকল্পনা করছেন।’

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এম. তৌহিদুল আলম ওরফে বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। ভোটারদের কাছে আমি পরীক্ষিত। তাই তাঁরা আমাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। ওই প্রার্থী মিথ্যাচার করছেন।’

জামায়াত-সমর্থিত প্রার্থী মাওলানা হাবিব আহমদ বলেন, ‘আল্লাহ সহায় হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।’