হেফাজতকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করার দাবি
চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রমাণ করেছে এটি একটি জঙ্গি সংগঠন। এটিকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। দেশে চলমান অস্থিরতা বন্ধে সব রাজনৈতিক মহলের সঙ্গে সংলাপ আয়োজন করে দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
আহলে সুন্নাতের সমন্বয় কমিটির সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান।
ঢাকা অবরোধের নামে হেফাজতের কোরআন শরিফে আগুন দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফতি ওবায়দুল হক নঈমী, এম এ মতিন, স উ ম আবদুস সামাদ, মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহবুবুল আলম, রেজাউল করিম তালুকদার প্রমুখ। সংবাদ সম্মেলনে গত রোববার হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচির সমালোচনা করে বলা হয়, ‘এরা গতকাল ঢাকা অবরোধের ঢাল হিসেবে ব্যবহার করেছে কওমি মাদ্রাসার গরিব ও এতিম শিশুদের। এদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন সংবাদকর্মীসহ অনেকে নিরিহ মানুষ। লাশ পড়েছে পরিবহন শ্রমিকসহ অনেকের। আমরা এই জঘন্য ঘটনার নেপথ্য নায়ক হেফাজত নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এদের হাত থেকে নিরীহ মানুষের জানমাল এবং মসজিদ-মাজার-কোরআনের হেফাজত করার প্রয়োজনে তাদের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রদানের দাবি জানাচ্ছি।’
২৫ মে ঢাকায় অনুষ্ঠেয় সুন্নি মহাসমাবেশ সম্পর্কে মোছাহেব উদ্দিন বলা হয়, সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এটি এমন বিশাল সমাবেশে পরিণত হবে যে তিল ধারণের মতোও জায়গা হবে না। এতে তাঁরা হেফাজতে ইসলাম এবং প্রকৃত ইসলামের স্বরূপ তুলে ধরবেন বলে জানান। এর আগে গতকাল দুপুরে আহলে সুন্নাতের কর্মীরা নগরের মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এর নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ জালালুদ্দিন আল কাদেরী।