মহীয়সী নারী বেগম রোকেয়া অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন নারী জাতিকে। আর হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামের মদদে সংবিধান পরিপন্থী হয়ে দেশব্যাপী নারী জাতির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। এই অপশক্তিকে রুখতে হবে। রংপুরে গতকাল শনিবার বেলা ১১টায় গণজাগরণ মঞ্চের আহ্বানে টাউন হল চত্বরের সামনের সড়কে প্রতিবাদী নারী গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন। সভার শুরুতে সাভারে রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, এ দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী হলেন নারী। সেখানে নারীর সঙ্গে পুরুষের কর্মকাণ্ড পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছে হেফাজতে ইসলাম। হেফাজতের দাবি অযৌক্তিক ও সংবিধান পরিপন্থী। ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করেন তাঁদের বিরুদ্ধে নারী জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে আন্দোলন বেগবান করার আহ্বান জানান বিভিন্ন নারী সংগঠনের বক্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন কর্মজীবী নারী সংগঠনের সভাপতি মাছুদা রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রেজিনা রাজ্জাক, মহিলা পরিষদের সভাপতি মারহামাতুননেছা প্রমুখ।