হেফাজতে ইসলাম আজ দোয়া দিবস পালন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার সারা দেশে ‘দোয়া দিবস’ পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের সব কওমি মাদ্রাসায় ‘খতমে বোখারি’ ও ‘খতমে ইউনূছ’ পাঠ শেষে বিশেষ মোনাজাত করা হবে।গতকাল বৃহস্পতিবার হেফাজতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ সারা দেশে গ্রেপ্তার হওয়া আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্রদের মুক্তি কামনায় এ কর্মসূচি দেওয়া হয়। এদিকে গতকাল সকালে ঢাকার লালবাগ মাদ্রাসা মিলনায়তনে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা ও থানা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদ জানান হেফাজতের ঢাকা মহানগর কমিটির নেতারা। তাঁরা অভিযোগ করেন, ভারতীয় আগ্রাসন, সরকারের সীমাহীন জুলুম-নির্যাতন, দেশ পরিচালনায় চরম ব্যর্থতা, নজিরবিহীন দুর্নীতি, বিচার বিভাগের অসংগতি ও অনিয়মের চিত্র তুলে ধরার কারণে আমার দেশ-এর ছাপাখানায় তালা দিয়ে প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হেফাজতে ইসলামের ইমানি আন্দোলন ঠেকাতে আলেম-ওলামা, ইমাম-খতিব ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানি করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ঢাকা মহানগর প্রচার শাখার প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ।