কথিত নাস্তিক ব্লগার এবং হেফাজত ও জামায়াত-শিবিরের বিচারের দাবিতে মহাসমাবেশ করেছে সুন্নি ঐক্য ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ডায়মন্ড হল চত্বরের সামনে এ সমাবেশ হয়।সমাবেশে জেলা শাখার সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী সভাপতিত্ব করেন। তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো ইসলামি দল নয়। তারা জঙ্গিবাদী দল। তারা ইসলামের নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসা থেকে সৃষ্টি। এই কওমি মাদ্রাসা থেকে জঙ্গি শায়েখ আবদুর রহমান ও বাংলাভাইয়ের সৃষ্টি হয়েছে। পাকিস্তানে যত জঙ্গি হামলা হচ্ছে, সেগুলোও কওমি মাদ্রাসা থেকে সৃষ্টি। জঙ্গিবাদী হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম সাংগঠনিক সচিব পীরে তরিকত খাজা আরিফুর রহমান তাহেরী, পীরজাদা সৈয়দ জাহের শাহ্ মুজাদ্দেদী, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এম মনির হোসেন প্রমুখ।