হেফাজতে ইসলাম কখনো ক্ষমতার অংশ হতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘ওলামায়ে কেরামকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, তা প্রধানমন্ত্রীর গদির চেয়েও কোটি গুণ মর্যাদার। হেফাজতে ইসলাম কখনো ক্ষমতার অংশ হতে চায় না। আমরা কাউকে ক্ষমতার মসনদে বসাতে ও নামাতে চাই না।’ গতকাল সোমবার ফটিকছড়ি ডাকবাংলো চত্বরে হাটহাজারী ওলামা পরিষদ আয়োজিত গণসংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির শামসুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নেজামে ইসলামের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, ইসলামী ঐক্যজোটের সহসভাপতি আবুল হাসনাত আমিনী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক কাতেব সুলায়মান আরমান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি জসীম উদ্দীন, সালাহ উদ্দীন নানুপুরী, হেফাজতের আমিরের প্রেসসচিব মুনির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ। সভায় হেফাজতের মহাসচিব আরও বলেন, ‘আল্লাহ-রাসুল, ইমান-আকিদা ও ইসলামের ইজ্জত রক্ষার জন্য আমাদের আরও বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ৫ ও ৬ মের চরম জুলুম-অত্যাচারের পরও এ দেশের ওলামায়ে কেরাম কোনো রূপ প্রতিশোধ ও সহিংসতায় না জড়িয়ে ধৈর্য ধারণ করে এর বিচারের জন্য মহান আল্লাহর দরবারেই ফরিয়াদ জানিয়েছেন।’ সংবর্ধনা সভায় জুনায়েদ বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন মদিনার সনদে দেশ চলবে। আমি বলি, হেফাজতের ১৩ দফা মদিনার সনদের বাইরে নয়। সুতরাং, মদিনার সনদে দেশ চালাতে হলে ১৩ দফা মানতেই হবে।’