হেফাজতে ইসলামকে মিছিল করার অনুমতি দেয়নি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থনে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক দলকে মিছিল বা সমাবেশ করার অনুমতি দেবে না সরকার। হেফাজতে ইসলাম হরতালের সমর্থনে গতকাল রাজধানীতে মিছিল করতে চাইলে সরকার অনুমতি দেয়নি। ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চাওয়ার পর সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হরতালের পক্ষে মিছিল করার অনুমতি দেওয়া হবে না; বরং হরতাল প্রত্যাহার করার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। হেফাজতে ইসলাম ও বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল এবং দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সচিবালয়ে জরুরি এ বৈঠক ডাকা হয়। বৈঠকে হরতালে পরিকল্পিত সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানান, হরতাল প্রতিহত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামকে মিছিল করার অনুমতি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংগঠনের নেতারা রাজধানীর মতিঝিলে মিছিল করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাঁদের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরতাল প্রতিহত করতে নেওয়া সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’ বিএনপির নেতাদের কারাগারে পাঠানোর ব্যাপারে তিনি বলেন, এটা আদালতের ব্যাপার।