হেফাজতে ইসলামকে সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ
চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মহাসম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ।
গতকাল মঙ্গলবার মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করলে তিনি অনুমতি প্রদানে অপারগতা প্রকাশ করেন। পুলিশ কমিশনার নির্বাচনের পরে সম্মেলন করার পরামর্শ দেন হেফাজত নেতাদের।
এদিকে অনুমতি না পাওয়ার প্রতিবাদে আজ বুধবার হাটহাজারীতে বৈঠক করে হরতালসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পারেন হেফাজত নেতারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আগামী ১২ ও ১৩ ডিসেম্বর জমিয়াতুল ফালাহ ময়দানে ইসলামি সম্মেলনের অনুমতি নিতে পুলিশ কমিশনারের সঙ্গে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করি। তিনি আমাদের নির্বাচনের পরে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সম্মেলন করার পরামর্শ দেন। বিষয়টি হেফাজতের আমির আহমদ শফীকে জানানো হলে তিনি ব্যথিত হয়েছেন। এ বিষয়ে হরতালসহ কঠোর কর্মসূচি দিতে কাল (বুধবার) বৈঠকে বসছি আমরা।’
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গতকাল রাতে বলেন, ‘হেফাজত নেতারা জমিয়াতুল ফালাহ মাঠ ব্যবহারের অনুমতি চাইলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁদের নির্বাচনের পরে সম্মেলন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁরা ইসলামিক ফাউন্ডেশন থেকেও মাঠ ব্যবহারের অনুমতি পাননি।’