বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতারা হেফাজতে ইসলামকে ‘হেফাজত’ করার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, দেশে চরম বিশৃঙ্খলা এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা সত্ত্বেও সরকার বারবার তাদের সঙ্গে এক রহস্যপূর্ণ আঁতাত বজায় রেখেছে। ইসলাম ও নবী (সা.)-কে অবমাননাকারী হিসেবে অভিযুক্ত ব্লগার, ইসলাম বিকৃতকারী ওহাবি, মওদুদীবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসলামের নামে চলমান নৈরাজ্য ও জঙ্গিবাদ দমনের দাবিতে ২০ এপ্রিল চট্টগ্রামের লালদীঘি মাঠে সুন্নি মহাসমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জামাআত এ অভিযোগ করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নবী (সা.)-কে অবমাননা ইস্যুতে কোটি কোটি টাকার বাজেট নিয়ে ময়দান গরম করা হেফাজতে ইসলামকে ইতিপূর্বে অনেকে ‘হেফাজতে জামায়াত’ নামকরণ করেছিল। কিন্তু আজ এর চেয়েও বেশি মানুষের ধারণা হলো, হেফাজতের হেফাজত করছে স্বয়ং বর্তমান সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এম এ মান্নান, এম এ মতিন ও মোছাহেব উদ্দিন বখতিয়ার। সংবাদ সম্মেলনে বলা হয় সুন্নি মহাসমাবেশের মাধ্যমে সমগ্র চট্টগ্রাম শহরে স্বস্তি ও শান্তির নিঃশ্বাস ফিরে আসবে। সব সুফি দরবার, সুন্নি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টরা দেশের ভবিষ্যতের কথা ভেবে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে নেতারা আশা প্রকাশ করেন।