হেফাজতে ইসলামের কর্মসূচি পালিত
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঢাকা ও চট্টগ্রামে এ কর্মসূচি পালিত হয়।
ঢাকা: দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিশসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না—এ বিষয়ে ২৭ মার্চ আদালতের রায় দেওয়ার কথা। যদি সংবিধান থেকে তা বাতিল করা হয়, তাহলে তাঁরা তা কঠোরভাবে প্রতিহত করবেন এবং ২৮ মার্চ থেকে আরও কঠোর কর্মসূচি দেবেন।
সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাশেমী, যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ, ঢাকা মহানগরের সদস্যসচিব জুনায়েদ আল হাবিব, যুগ্ম আহ্বায়ক আহমদ আবদুল কাদের ও আবদুর রব ইউসুফি। সমাবেশ শেষে সংগঠনগুলো পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত একটি মিছিল করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
চট্টগ্রাম: দুপুরে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ সময় বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার জন্য কোটি কোটি জনতা বুকের রক্ত দেবে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে শান্তি রক্ষা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলাম মুসলমানদের জন্য যেমন শান্তির ধর্ম; তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের জন্যও শান্তির। কারণ, ইসলাম কারও ওপর জুলুম সমর্থন করে না।’ রাষ্ট্রধর্ম বহাল রাখার জন্য প্রয়োজনে হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি ঘোষণা করবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কারও পক্ষেও নই, বিপক্ষেও নই। আমরা ইসলামের পক্ষে। আমাদের উন্মেষ ইসলামকে রক্ষা করা।’
বিক্ষোভ সমাবেশে জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, হেফাজত নেতা মীর ইদ্রিস, মাস্টার আহসান উল্লাহ, জয়নাল আবেদীন, ইলিয়াছ ওসমানী, আবদুর রব, আহমদ উল্লাহ, অলি উল্লাহ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়।