হেফাজতে ইসলামের ঢাকা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওলানা নূর হোসাইন কাসেমীকে আহ্বায়ক ও জুনায়েদ আল হাবীবকে সদস্যসচিব করে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর লালবাগ মাদ্রাসায় ধর্মভিত্তিক দলের শীর্ষস্থানীয় নেতা এবং ঢাকা ও আশপাশের কওমি মাদ্রাসার আলেমদের বৈঠকে এ কমিটি গঠন করা হয়। এ ছাড়া কয়েকজন নেতাকে প্রধান করে পৃথক অর্থ শাখা, প্রচার শাখা, আইন শাখা, চিকিৎসা শাখা, তদারকি শাখাসহ কয়েকটি উপকমিটি গঠন করা হয়। সভায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাকমিল পর্যায়ের কওমি মাদ্রাসাগুলোর দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের পর সভায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী সম্পর্কে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বিরূপ মন্তব্য করেছেন অভিযোগ করে তাঁর সমালোচনা করা হয়। ঢাকা মহানগর কমিটির নেতারা বলেন, জীবদ্দশায় ফজলুল হক আমিনীর বিরুদ্ধে শাহরিয়ার কবির মামলা করেছিলেন। এখন তিনি আহমদ শফীর বিরুদ্ধে কটূক্তি করছেন। এখনই এসব নাস্তিকের টুঁটি চেপে ধরতে হবে।সভায় কথিত নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে হেফাজতে ইসলাম ঘোষিত আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।এদিকে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘নাস্তিক’ ব্লগারদের রক্ষা করতে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ২৩ মার্চ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছেন। এর মধ্য দিয়ে তিনি নিজের ইসলামবিরোধী মুখোশ উন্মোচন করেছেন।