টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠকের অভিযোগে হেফাজতে ইসলামের জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হাকিম, উপজেলার সদস্যসচিব আবদুল্লাহ যুবায়েদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন উপজেলার গোড়াকী মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম, ধল্লা ফয়জুল আলম কওমি মাদ্রসার শিক্ষক সাখাওয়াত হোসেন ও পাশের বাসাইল উপজেলার যতুকী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম।পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা সৃষ্টির জন্য বানিয়ারা জামে মসজিদের ইমামের কক্ষে গোপন বৈঠক চলছে—এমন তথ্য পেয়ে সেখানে গিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যান। তাঁদের কাছ থেকে ‘সত্যের সন্ধানে ইসলামী পাঠাগার’ নামের একটি সংগঠনের সদস্য সংগ্রহের অর্ধশতাধিক ফরম উদ্ধার করা হয়।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত প্রথম আলোকে জানান, ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।